× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনে ‘অশুভ মহলের’ সমর্থন নিয়ে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ কাদেরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৫:৩৫ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৬:২৮ পিএম

আন্দোলনে ‘অশুভ মহলের’ সমর্থন নিয়ে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ কাদেরের

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের চলমান আন্দোলন নিয়ে সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে চলমান দুই আন্দোলনে ‘অশুভ মহলের’ সমর্থন নিয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথসভার তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের আন্দোলন দুটি অরাজনৈতিক। কিন্তু এই আন্দোলনে বিএনপির মতো কিছু অশুভ মহলের সমর্থন নিয়ে ভাবতে হবে আওয়ামী লীগকে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা (বিএনপি) নিজেরা আন্দোলন করতে পারে না। ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করেছিল। এবারও তারা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি-দুরভিসন্ধি বাস্তবায়ন করা তাদের লক্ষণ। অশুভ শক্তির ব্যাপারে আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা যতটুকু জানি, কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এমনও শুনেছি, তারা উচ্চ আদালতের যে মামলা চলছে তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছেন এবং আদালতে যথা সময়ে হাজির হবে। এটাও যৌক্তিক সিদ্ধান্ত। এ জন্য ধন্যবাদ জানাই।’

আন্দোলনকারীরা কোটা বাতিল নয়, সংস্কার চান উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নিজেরাই যখন তাদের প্রতিনিধি আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা কোর্ট শুনবে, সরকার পক্ষের কথাও শুনবে। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তব সম্মত সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা করি। ওই পর্যন্ত সবাইকে ধৈর্যধারণ করার জন্য অনুরোধ করব।’

এ সময় ছাত্রলীগকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘কোনো অবস্থায় উসকানি দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন, তাদের পক্ষ থেকেও যেন উসকানি না দেওয়া হয়।’

শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক হয়নি। সেটা জটিল কোনো সমস্যা নয়, সমাধানের অযোগ্য নয়। সেটাও সমাধান অচিরেই হয়ে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদেরও তো অসুবিধার বিষয় থাকতে পারে। আমরা তাদের প্রতি কোনো অসম্মান করছি না। আমরা তাদের আন্দোলন পর্যবেক্ষণ করছি। সময়মতো এর সমাধান হয়ে যাবে, এটাই আমরা আশা করি।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা