প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১২:৩৩ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৫:৪৩ পিএম
বিলুপ্তির প্রায় ২৩ দিন পর ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরে চার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (৭ জুলাই) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
গত ১৩ জুন বিএনপি দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরে জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণে এই ইউনিটের সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগরে বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বরিশাল মহানগরে এই ইউনিটের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্যসচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।