প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৬:২৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৯:১২ পিএম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। শনিবার (৬ জুলাই) দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিনন্দন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আশা করেন, দেশটিতে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে, স্টারমারের নেতৃত্বে সেটি কাটিয়ে উঠতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্বের যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, সেখানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যুক্তরাজ্য তার ঐতিহ্য অনুযায়ী অভিজ্ঞতাকে কাজে লাগাবে।
বিএনপির মহাসচিব বলেন, ‘যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবার পার্টি। দলটির প্রধান স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইতোমধ্যে টুইটারের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন। আমরাও আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, সেখানে তাদের যে প্রভাব, তা বিস্তার করার চেষ্টা করবেন। এটাও আশা করব, ব্রিটেনে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট রয়েছে, সেখানে কিয়ার স্টারমার নেতৃত্ব দিতে পারবেন।’
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিএনপি আশাবাদী, ইরান মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এগিয়ে যাবে।’