কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২২:৩৭ পিএম
২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে সাক্ষাৎ করেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শালসহ অন্যান্যরা। প্রবা ফটো
সম্মেলনের উনিশ মাস পর অবশেষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হতে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটি বরাবর জমা করা তালিকা যাচাই-বাছাই শেষে আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটি অনুমোদন হতে যাচ্ছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, কক্সবাজার জেলার শীর্ষ নেতারা ভাগ হয়ে তিন দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এর পর জমা করা তালিকা যাচাই-বাছাই করে সকলকে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণার ইঙ্গিত পাওয়া গেছে।
গত ২৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদভবনে গিয়ে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি ও আশেক উল্লাহ রফিক এমপি।
২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে গিয়ে সাক্ষাৎ করেন কক্সবাজারের আর একটি দল। যেখানে ছিলেন, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান নুরুল আবছার, নারী ভাইস চেয়ারম্যান রোমেনা আকতার। এই দলটির সঙ্গে কক্সবাজার সদর উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানরা ছিলেন।
সর্বশেষ গত ২ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা, সংসদ সংসদ আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি সৌজন্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের প্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কক্সবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেখানে উন্নয়ন কর্মকাণ্ড, রাজনৈতিক বিষয়সহ নানা বিষয় ছিল। একই সঙ্গে জেলা কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী জেলা কমিটি পূর্ণাঙ্গ ঘোষণার নিদের্শ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা হচ্ছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম জানিয়েছেন, ৭৫ জনের একটি কমিটির তালিকা অনেক আগেই দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া আছে। সাক্ষাৎকালে কমিটির বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে আসছে।
কমিটির পদে কারা আসছেন এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সকলকে নিয়ে গ্রহণযোগ্য এবং শক্তিশালী একটি কমিটি পাবেন। অপেক্ষা করুন ঘোষণা পর্যন্ত।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে কমিটির বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকও। তিনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা হবে এই কমিটি।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম জানান, তাদের সাক্ষাতটি একান্তই সৌজন্য। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। কক্সবাজারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে যেখানে কমিটির বিষয় নিয়ে কোন কথা প্রধানমন্ত্রীকে বলা হয়নি। তবে প্রধানমন্ত্রী নিজ থেকে সকলকে সমন্বয় করে একটি কমিটি হচ্ছে বলে জানিয়েছেন।
কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন, সাক্ষাতকালে কক্সবাজার পৌরসভার উন্নয়নের কয়েকটি প্রকল্প সম্পর্কে অবহিত করে কাগজপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কক্সবাজার জেলা কমিটি পূর্ণাঙ্গ কক্সবাজারের বিভিন্ন উপজেলাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতে উপস্থিত থাকা নেতাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আহ্বায়ক কমিটি না করে পূর্ণাঙ্গ কমিটি করার পক্ষেই মত দিয়েছেন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেউ যেন কমিটি থেকে বাদ না যান যে বিষয়েও কথা বলেছেন। প্রধানমন্ত্রী নাম উল্লেখ করে বেশ কয়েকজন সিনিয়র নেতার খোঁজ খবর নিয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে কাকে কোন পদে দায়িত্ব রাখতেও বলে দিয়েছেন।
প্রাপ্ত তথ্য বলছে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের এবারের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে যাচ্ছেন ৭২ থেকে ৭৫ জন। যেখানে সহসভাপতি থাকছেন কমপক্ষে ৮ জন। যুগ্ন সাধারণ সম্পাদক থাকছেন ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৯/১০ জনের কথা শোনা যাচ্ছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালের ১৩ ডিসেম্বর।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে কক্সবাজার জেলার ১১টি সাংগঠনিক উপজেলা কমিটির বিষয়েও আলাপ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী উপজেলা কমিটিগুলোও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করতে নিদের্শ দিয়েছেন।