প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২০:১৯ পিএম
ছবি : সংগৃহীত
সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। কেউ পার পাবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেসেজ।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে ও মন্ত্রিপরিষদের বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে মুখে মুখে নয়, ব্যবস্থা নিচ্ছে সরকার। যাদের নাম আসছে, সেগুলো ধামাচাপা দিচ্ছে না সরকার। এর আগেও ক্ষমতাসীন দলের অনেক এমপিকে দুদকে যেতে হয়েছে। কিন্তু বিএনপি আমলে তো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থাই নেওয়া হয়নি। আওয়ামী লীগ অভিযোগ পেলে ব্যবস্থা নেয় এবং নিচ্ছে।’
বুধবার (৩ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
‘মেরুদণ্ডহীন দুদক প্রধানমন্ত্রীর কথায় চলে’- বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে নানক বলেন, ‘বিএনপি নিজেই মেরুদণ্ডহীন। তাই দুদককে মেরুদণ্ডহীন মনে করে। তাদের কমিটি লন্ডন থেকে বাতিল হয় এবং লন্ডন থেকে গঠন করা হয়। নিজেদের দিয়ে অন্যকে মেরুদণ্ডহীন ভাবার কোনো কারণ নেই।’
ক্যাসিনোকাণ্ডের উদাহরণ দিয়ে কারও নাম উল্লেখ না করে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এ নেতা বলেন, ‘এমন অনেক নেতা আছেন যারা জেলে যাবেন- কোনো দিন ভাবতেও পারেননি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাদের বিচার করে জেলে পাঠিয়েছেন। অনেক দিন জেলও খেটেছেন ‘
এ সময় পাটমন্ত্রী জানান, পাটপাতা দিয়ে তৈরি ‘রোজেলা’ ও ‘পাট পাতার চা’ ব্র্যান্ডের চা শিগগিরই বাজারজাত করা হবে। এই চা সুস্বাদু। পাটের তৈরি সোনালি ব্যাগ বাজারজাত করার পর্যায়ে আসেনি। উৎপাদন পর্যায়ে আছে। দাম মানুষের নাগালে আনতে উৎপাদন খরচ কমানোর চেষ্টা চলছে। তবে সোনালি ব্যাগ বাজারজাত করার আগে পলিথিন নিষিদ্ধ করা হবে।
পাট ও পাটজাত পণ্য উৎপাদনে এখন থেকে ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংক ভর্তুকি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এ-সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ে এসেছে। এতে পাটের উৎপাদন, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়বে। আমাদের যেকোনো মূল্যে পাটের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন এলাকার সীমানা বাড়ানোর চেষ্টা করছি, ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করছি।’
এর আগে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়ালের নেতৃত্বে আগত প্রতিনিধিদল পাটের উন্নয়নসংক্রান্ত তাদের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে।