বিএনপির আন্তর্জাতিক কমিটির বৈঠক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২১:৫২ পিএম
পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৩ জুন)। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠক থেকে যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী চীন ও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়েছেন নেতারা।
বিকাল ৫টায় বৈঠক শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ হয়। পুনর্গঠিত কমিটির নাম দেওয়া হয়েছে ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’।
বৈঠকে সূত্রে জানা গেছে, বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের দায়িত্ব নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে। এছাড়াও প্রতি মাসে অন্তত একবার, সম্ভব না হলে দুই মাসে এই বৈঠক হবে।
বৈঠক সূত্র আরো জানায়, কমিটির সব সদস্যের বক্তব্য শুনেন কমিটির প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের অনেকেই ভারতের বিরোধিতার বদলে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দেন। তারা বলেন, দেশ হিসেবে ভারতের বিরুদ্ধাচারণ না করে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে চীন সক্রিয় হচ্ছে মন্তব্য করে কয়েকজন দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন।
গত কয়েক মাস ধরে ভারত বিরোধিতা করে আসছে বিএনপি, যদিও দলটি প্রকাশ্যে তা স্বীকার করে না। তবে বৈঠকে এ বিষয়ে যে পরামর্শ এসেছে সে বিষয়ে দলের শীর্ষ নেতা কোনো মন্তব্য করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন সদস্য বলেন, গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে পদক্ষেপ নিতে শুরু করেছিল শেষ পর্যন্ত তাদের সেভাবে দেখা যায়নি। এর মূল কারণ, ভারত। ফলে যুক্তরাষ্ট্রের ওপর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। বৈঠকে বিষয়টি উঠে এসেছে।
অপর এক নেতা বলেন, মূলত এটি পরিচিত সভা। সভায় সবাই মতামত দিয়েছেন। পরবর্তী বৈঠকে ইস্যুভিত্তিক আলোচনা হতে পারে।
গত ১৫ জুন চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠনের কথা জানায় বিএনপি। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির বাকি ১০ সদস্য হলেন- স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজভিরুল ইসলাম।
এছাড়াও দলটি ‘স্পেশাল অ্যাসিসটেন্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি’ কমিটি নামেও আরেকটি সহায়ক কমিটি গঠন করা হয়।