× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার হার্টে বসল পেসমেকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৯:৪০ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ২০:১৪ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে (হৃদযন্ত্র) পেসমেকার বসানো হয়েছে। তার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে পেসমেকার বসানো হয়। 

রবিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! পেসমেকার বসানোর কাজ শেষ করলাম। দল ও পরিবারের পক্ষ থেকে ম্যাডামের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।’

পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কি না, সেটাও এই যন্ত্র নিয়ন্ত্রণ করতে সক্ষম।

জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। সেজন্য হার্টে ব্লক ছিল, একটা স্টেনটিংও করা ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার দেখভাল করছেন।

সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠক করেছে। তার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। গতকাল নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আজ দুপুর থেকে পেসমেকার লাগানোর প্রক্রিয়া শুরু হয়। এজন্য খালেদা জিয়াকে নেওয়া হয় বিশেষায়িত কক্ষে। 

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সভাগুলোতে লন্ডন থেকে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন।

চিকিৎসা-সংক্রান্ত সূত্রমতে, ৭৯ বছর বয়সি বিএনপি চেয়ারপারসন আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এবারের আগে ২ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন খালেদা জিয়া সিসিইউতে দুই দিন চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নিয়েছেন তিনি। বাসায় ফেরেন এ বছরের ১১ জানুয়ারি। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও আইনি জটিলতায় অনুমতি মেলেনি।

এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে এই অস্ত্রোপচার করেন।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা