আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৮:৩২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪ ১৯:১৬ পিএম
রবিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) ফল ও মিষ্টি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবা ফটো
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৩ জুন) বিকালে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহারসামগ্রী হস্তান্তর করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা মুক্তিযুদ্ধ চলাকালে তাদের অদম্য সাহসিকতা, শরণার্থী হয়ে থাকার অভিজ্ঞতা, অস্ত্র ও বিস্ফোরক দিয়ে অপারেশন করার প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করেন। যুদ্ধ ময়দানে হারানো সহযোদ্ধাদের স্মৃতিচারণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তাদের সম্মান ও মর্যাদার সঙ্গে পুনর্বাসনের জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় সন্তুষ্টি প্রকাশ করেন।
তারা বিশেষভাবে উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক মানুষের কল্যাণ হয় এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ভালো থাকে।
তারা মুক্তিযোদ্ধাদের বর্ধিত হারে ভাতা প্রদান, চিকিৎসা এবং আবাসনের সুব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধারা মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ ও অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এবং আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ অর্থাৎ ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য এবং উপস্থিত সকলেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।