প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১১:২৮ এএম
আপডেট : ০৭ জুন ২০২৪ ১১:৩৭ এএম
শুক্রবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো
ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতির পিতার হত্যাকারীরা ৭৫-পরবর্তী সময়ে ৭ জুন, ৭ মার্চ পালন করতে দেয়নি।
শুক্রবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সঙ্গে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিকনেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ’৬২-তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। ছয় দফা না হলে ’৬৯-এর গণঅভ্যুত্থান হতো কি না? এ ছয় দফা আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে। ’৭৫-এর পর ৭ জুন, ৭ মার্চ এসব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।
বাজেট প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, আজকের প্রসঙ্গটা অন্যদিকে নেবেন না। বাজেট নিয়ে আগামীকাল প্রতিক্রিয়া দেব। বৃহস্পতিবার আমি একটা প্রতিক্রিয়া দিয়েছি। বারবার প্রতিক্রিয়া দেওয়া ঠিক না। বাজেট নিয়ে বিরোধী দল যা বলেছে আগামীকাল তার জবাব দেব।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।