প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪ ১৪:১৫ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪ ১৫:১৫ পিএম
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো
বর্তমান ফ্যাসিবাদী শাসককে পরাজিত করে দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে অতীতের মতো ছাত্রসমাজকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (৩১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি ‘৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭১-এর মুক্তিযুদ্ধ, ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকার প্রসঙ্গ টেনে আনেন।
শিশুরা সুন্দর মাতৃক্রোড়ে, ছাত্ররা সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাবা-মা সন্তানকে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন। ফলে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে যাবে, আবাসিক হলে থাকবে, লেখাপড়া-খেলাধুলা করবে, সব অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়বে। কিন্তু সেই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া হয় না, গেলে তাদের রক্তাক্ত হতে হয়। বর্তমান ফ্যাসিবাদী সরকারের শাসনামলে অর্থাৎ গত ১৫-১৬ বছরে কত যে সম্ভাবনায় জীবন শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রতিদিন আদালতের বারান্দায় হাজিরা দিতে যেতে হয়। আগ্রাসি শক্তি ছাত্র-যুবকের কণ্ঠ রোধ করছে। ১৬ বছরে অনেক মেধাবী ছাত্রের জীবন ধ্বংস করা হয়েছে। যুবকরা নিজ নিজ স্থান থেকে বিতাড়িত হয়ে রাজপথে ঘুরছে। আজকে ছাত্রদের যুদ্ধ করে প্রতিষ্ঠানে টিকে থাকতে হচ্ছে। এটি একটি অভিশপ্ত জীবন।
বর্তমান ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলকে শেষ পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ছাত্ররাই কেবল পরিবর্তন আনতে পারে। ছাত্র বলতে শুধু জাতীয়তাবাদী ছাত্রদল নয়; সব ছাত্রসমাজ। এ দেশে যত পরিবর্তন হয়েছে, তার মূলে ছিল ছাত্ররা। সব অন্যায়-অত্যাচারের পরিবর্তন করেছে ছাত্ররা। ‘৫২ থেকে ‘৯০ পর্যন্ত সব পরিবর্তনের মূলে ছিল ছাত্ররা। এ ছাত্ররা যেদিন ক্যাম্পাস থেকে রাজপথে বেরিয়ে এসেছে, সেদিন আর কোনো সরকার টেকেনি।
গয়েশ্বর বলেন, ছাত্ররাজনীতির নামে তারা যা করছে, তা ছাত্রসমাজের তথা জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। আমি আশা করব, ছাত্রদলের বর্তমান কমিটির নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপিকে শেষ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। কিন্তু যারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে, তাদের মুখে চুনকালি মেখে দিয়ে গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে এসেছিলেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি দেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিল। আবারও বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। সরকারের সেই হীন চেষ্টাও ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সম্প্রতি শেখ হাসিনা বলেছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন। যেদিন সে আসবে সেদিন জনতার ঢেউয়ে আপনারা কোথায় ভেসে যাবেন চিন্তা করুন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই বলেন-যুদ্ধের সময় খালেদা জিয়া কোথায় ছিলেন? যাদের কোনো অবদান নেই তারাই এগুলো বলতে পারেন। স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র সবই তো জিয়া পরিবারের অবদান। জিয়াউর রহমান সম্মুখ যোদ্ধার অপরাধে দুই শিশু সন্তানসহ বন্দি রাখা হয় খালেদা জিয়াকে। আপনি প্রধানমন্ত্রী সে সময় কোথায় ছিলেন? সে সময় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির ভাড়া কারা দিয়েছে? কারা আপনার বাসায় নিরাপত্তা দিত? আপনি (প্রধানমন্ত্রী) পাকিস্তানিদের টাকায় খাবার খেয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আজকে বিদেশি রেমিট্যান্স ও গার্মেন্টের ওপর ভর করে রাষ্ট্র চালাচ্ছেন। এসব জিয়াউর রহমানের অবদান। জিয়া শুধু বীরউত্তম নন, উত্তমের উত্তম। জিয়াউর রহমানের সততা নিয়ে কারও কথা বলার সুযোগ নেই।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু আফসান ইয়াহিয়া, আমানউল্লাহ আমান, জাহাঙ্গীর আলম, শরিফ প্রধান শুভ, গণেশ চন্দ্র রায়, নাহিদুজ্জামান শিপন প্রমুখ।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলকে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে কোথাও কর্মসূচি করতে হল ভাড়া দেওয়া হয় না। আজকে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিতাড়িত করা হয়েছে। বারবার সেখানে গিয়ে রক্তাক্ত হয়েছি। তবু আমরা বিশ্ববিদ্যালয় ছাড়িনি। আজকে প্রতিটি শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ছাত্রলীগকেও সে পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
এতে আরও অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসাদুজ্জামান আসলাম, সুজন মোল্লা, মহানগর ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকি, আল আমিন, পাভেল সিকদার, নিয়াজ মাহমুদ নিলয়, মেহেদী হাসান রুয়েল, রাসেল বাবু, নাসির আনান, জুয়েল হাসান রাজ, ঢাকা কলেজের শাহীনুর রহমান (শাহীন), জুলহাস মিয়া (মৃধা জুলহাস), সরকারি তিতুমীর কলেজের আরিফুর রহমান এমদাদ, ইমাম হোসেন, তেজগাঁও কলেজের ফয়সাল দেওয়ান, বেলাল হোসেন খান, কবি নজরুল সরকারি কলেজের সাইদুর রহমান সাইদ, কাওসার হোসেন, সরকারি বাঙলা কলেজের হোসেন বিপ্লব, বেল্লাল হোসেন সোহাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবু হোরায়রা, রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আহমেদুল কবীর তাপস, বি এম আলমগীর কবীর প্রমুখ।