× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইক্লোনের মধ্যেও ভোটার উপস্থিতিতে মোটামুটি সন্তুষ্ট আওয়ামী লীগ

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ২০:১৫ পিএম

বুধবার বি‌কা‌লে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবা ফটো

বুধবার বি‌কা‌লে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবা ফটো

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ মোটামুটি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’

বুধবার (২৯ মে) বি‌কালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি) থেকে ৩৫ শতাংশের ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সারা দেশে ঝড়ের কিছু না কিছু প্রভাব পড়েছে।  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটার সংখ্যা আরও কম হবে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু বাস্তবে তা হয়নি। সাইক্লোনের মধ্যেও যে ৩৫ শতাংশ ভোট পড়েছে, এতে আমরা মোটামুটি সন্তুষ্ট।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্বাচনে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জের। নির্বাচনবিরোধীদের মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপির গলাবাজিটা আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে।’ 

মাঠের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গলাবাজিতে নেমেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির গলাবাজি আগের তুলনায় অনেক বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘তারা মাঠের আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা আসলেই হতাশ হয়েছে। কর্মীদের চাঙ্গা করার জন্য তারা লিফলেট বিতরণের বিশেষ কর্মসূচি নিয়েছে। অর্থাৎ তাদের আন্দোলন এই পর্যায়ে নেমে গেছে। এখন নির্বাচনের পর, ঈদের পর, এ ধরনের কথা বলে আন্দোলনের কথা বলে তারা স্বপ্নে বিভোর।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএন‌পি ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে এবং সেখানে অনেক প্রাণহানি ঘটবে। তাদের সেই স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে। বাংলাদেশের একটি লোকও এর মধ্যে না খেয়ে মরেনি।’

বৃহস্প‌তিবার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পটুয়াখালী পরিদর্শনে যাবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পিরোজপুরে মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শন করবেন। এরপর কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ করবেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলছে আজিজ আহমেদসহ অন্যরা আওয়ামী লীগের সৃষ্টি। আমি জানতে চাই, আশরাফুল হুদা, রকিবুল হুদা, কোহিনূরএরা কাদের সৃষ্টি? দুর্নীতি, লুটপাটের হাওয়া ভবন কার সৃষ্টি? এই প্রশ্নটা আমি বিএনপি নেতাদের কাছে করতে চাই।’

তিনি বলেন, ‘বিএনপির শাসনামলে দুর্নীতি বা অনিয়মের কোনো বিচার হতো না, কিন্তু আওয়ামী লীগের শাসনাম‌লে দুর্নীতির বিষ‌য়ে কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘যে যতটা অপকর্ম করেছে, অপরাধ কর‌বে, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। বিএনপির আমলে তাদের কোনো নেতা সরকারি প্রশাসনের কোনো কর্মকর্তা, পুলিশের কোনো সাবেক কর্মকর্তা বা যারা কর্মরত ছিল তারা যে দুর্নীতির কালচার গড়ে তুলেছিল, তখন কি কারও বিচার হয়েছিল?’

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সৎ সাহস আছে, সেজন্য আজকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছেন। যখনোই যেটা প্রকাশ পাচ্ছে তারাও শাস্তির আওতায় এসেছে। আজকেও অপরাধ অনুযায়ী শাস্তি। এখানে কোনো ছাড় নেই।’

গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর দুর্নীতিবাজদের ব্যবস্থা নিতে দেখা যায়, গণমাধ্যমে আসার আগে দেখা যায় না কেনএমন প্রশ্নে দ্বিমত প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুজন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। তাদের বিষয়ে তো গণমাধ্যমে আসেনি।’ তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তা আমি বলতে পারব না, তবে নিশ্চয় তাদের কাজে কোনো বিচ্যুতি ঘটেছে।’ 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা