আরিফুল আমিন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৫ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৯ পিএম
অ্যালেন গিন্স বার্গের সেই বিখ্যাত কবিতার যশোর রোড বিশ্বখ্যাত হলেও দেশের অনেকের কাছে এটি অজানা। যশোর শহর থেকে সুদূর কলকাতা পর্যন্ত বিস্তৃত রোডটির ইতিহাস মেলে ধরতে কোনো উদ্যোগ নেই। তাই মহান ’৭১-এর স্মৃতিবিজড়িত সড়কটি এখন যশোর-বেনাপোল রোড নামেই পরিচিত। অথচ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছিল এ যশোর রোডের সূত্র ধরে। পাকিস্তানি সেনাদের বর্বর হত্যাযজ্ঞের মুখে প্রাণ বাঁচাতে নিরস্ত্র বাঙালির যশোর রোড দিয়ে ছুটে পালানোর দৃশ্যচিত্র বিশ্ববিবেক নাড়িয়ে দেয়। অ্যালেন গিন্স বার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির ছত্রে ছত্রে এ সড়ক ধরে চলা ভারতগামী শরণার্থী বাঙালির অবর্ণনীয় কষ্ট সারা বিশ্বকে কাঁদায়।