আরিফুল আমিন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম
চাল বাজারজাতকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না দেশের অধিকাংশ চালকল মালিকরা। এক যুগ আগে খাদ্যশস্য, চিনি, সারসহ ১৭ পণ্য সরবরাহ বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। প্রণয়ন করা হয়েছে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’। তবে এ নিয়ম মানছে না বেশিরভাগ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
দেশের চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ওই আইনের তোয়াক্কা করছে না। আগের মতো প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। চাল উৎপাদনকারী অটোরাইস মিলগুলোয় অবাধে চলছে প্লাস্টিক বস্তার ব্যবহার। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীরা চাল বাজারজাত করছেন প্লাস্টিকের বস্তায়। ফলে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। রাজধানীর বেশ কয়েকটি চালের আড়ত ঘুরে দেখা যায়, মজুদ চালের সিংহভাগ রয়েছে প্লাস্টিকের বস্তায়, পাটের বস্তা রয়েছে হাতেগোনা কয়েকটি দোকানে। বুধবার ছবিগুলো রাজধানীর কৃষি মার্কেট থেকে তোলা।