আরিফুল আমিন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২১ পিএম
বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন শেষ করে নয়াদিল্লি থেকে রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বাংলাদেশে ১৯ ঘণ্টা অবস্থান করবেন। এ ছাড়া ৩৩ বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর এটি। এর আগে এসেছিলেন ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ।
এর আগে ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে ইমানুয়েল মাখোঁ ঢাকা সফরে আসছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ররিবার রাত ৯টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ হাসিনার সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের ভোজসভায় যোগ দেবেন মাখোঁ। এরপরই রাত ১০টার দিকে তিনি ধানমন্ডি লেক ও ব্রিজ ঘুরে দেখবেন। এরপর তিনি যাবেন বাংলাদেশের লোকজ সংস্কৃতির ধারক জলের গান ব্যান্ডের লিড ভোকালিস্ট রাহুল আনন্দের ওয়ার্কশপে। সেখানে শুনবেন রাহুল আনন্দের গান। পরে তিনি হোটেলে ফিরে যাবেন।
পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইয়ে তিনি স্বাক্ষর করবেন।
পরে সকাল সোয়া ১০টার দিকে যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
ফ্রান্সের প্রেসিডেন্টকে বরণ করতে প্রস্তুত হচ্ছে ধানমন্ডি লেক।