আরিফুল আমিন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৭ পিএম
অবহমান বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে মৃৎশিল্প ও কারুশিল্প। বাংলার মানুষ এই ঐতিহ্যকে আষ্টেপৃষ্টে লালন-পালন করে তাদের যাপিত জীবনে। লোকসংস্কৃতিতে মৃৎ, কাঠ, বেতশিল্প গ্রামীণ ঐতিহ্য বহন করে। গ্রাম ছাড়িয়ে এই ঐতিহ্য ও সংস্কৃতি আজ শোভা পায় শহুরে জীবনে। কিংবা হয়তো শৌখিন নাগরিকদের বসার ঘরে। মৃৎশিল্প, কারুশিল্প ও বেতশিল্প নাগরিক জীবনে তাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই তিন শিল্পের মেলবন্ধন দেখতে পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে। দোয়েল চত্বর ঐতিহ্যের এক শৌখিন রাজ্য। এখানে গেলে শহুরে হস্তশিল্পপ্রেমীরা হারিয়ে যায়। সারি সারি বাহারি হস্তশিল্পের দোকান রয়েছে এখানে। শৌখিন এই পণ্যের চাহিদা শহুরে জীবনে নেহাৎ কম নয়। দিন দিন আরও বাড়ছে এ শিল্পের চাহিদা।