আরিফুল আমিন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৮:৪৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৯:৪১ পিএম
অযত্ন আর অবহেলায় ধ্বংসের প্রহর গুনতে থাকা সাড়ে তিনশ বছরের পুরোনো ঢাকা গেটের সংস্কারকাজ শুরু হয়েছে। এশিয়াটিক সোসাইটির ঢাকা কোষের তথ্য অনুয়ায়ী, ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা।
মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে মীর জুমলা ছিলেন বাংলার সুবেদার। তিনি গেট নির্মাণ করেন। ঐতিহাসিক ঢাকা গেট তিনটি অংশে বিভক্ত। এর পশ্চিমাংশ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ভবনের পাশে, পূর্বের অংশ সোহরাওয়ার্দী উদ্যানের তিন নেতার সমাধির প্রবেশপথের সামনে এবং মাঝের অংশ পড়েছে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়ক দ্বীপে।