মো. আমিনুল ইসলাম
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১১:৩৫ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১১:৫৪ এএম
চট্টগ্রাম শহর থেকে ৮ কিলোমিটার দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় সমুদ্রসৈকতটির নাম কাট্টলী সমুদ্রসৈকত। এ সৈকতের আরেকটি নাম হলো জেলেপাড়া সমুদ্রসৈকত। স্থানীয়রা জাইল্লাপাড়াও বলে থাকেন। একদিকে সমুদ্রসৈকত, অন্যদিকে গ্রামীণ পরিবেশ অন্য কোনো সৈকতে খুঁজে পাওয়া যাবে না।
শান্ত সমুদ্রের বিশালতা, ম্যানগ্রোভ বনাঞ্চল, জীববৈচিত্র্য সবটাই একসঙ্গে উপভোগ করা যায় এখানে। আপনি চাইলে জেলেদের জীবনযাত্রা খুব কাছ থেকেই দেখতে পাবেন এ জনপদে। চাইলে তাদের থেকে মাছও কিনে আনতে পারেন। এখানকার জেলেদের নৌকাগুলো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সমুদ্রে যায়, আবার মাছ নিয়ে ফিরে আসে। জেলেদের মাছ বিক্রির জন্য কয়েকটি মাছবাজার গড়ে উঠেছে এখানে; যেমন মাছপট্টি, ইলিশঘাট, রাণীঘাট মাছবাজার ইত্যাদি। জোয়ারের সময় পানি বেড়ে মাছপট্টির কাছেই চলে আসে। তবে এখানের জমজমাট পরিস্থিতি দেখতে হলে আপনাকে আসতে হবে বর্ষার ভরা মৌসুমে।