আরিফুল আমিন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১১:৩৬ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১২:৫৩ পিএম
বিবি মরিয়ম কামান ভারতে মুঘল শাসনামলে নির্মিত একটি বৃহদাকার কামান, যা দুর্ধর্ষ দস্যুদের নিবৃত্ত করতে নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ শাসনামলে এটিকে বিবি মরিয়ম নামকরণ করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে ওসমানী উদ্যানে রক্ষিত। এটি মুঘল শাসনামলের একটি বিশেষ নিদর্শন। সপ্তদশ শতকের মাঝামাঝি মুঘল সেনাপতি মীর জুমলার আমলে এটি ঢাকায় স্থাপন করা হয়।
বাংলার সুবাদার মীর জুমলা আসাম অভিযানে এটি ব্যবহার করেছিলেন। ৬৪ হাজার ৮১৫ পাউন্ড ওজনের এ কামানটি পরে তিনি বাংলা সুবার তৎকালীন রাজধানী ঢাকার বড় কাটরার সম্মুখভাগে সোয়ারীঘাটে স্থাপন করেন। পরে এর অর্ধাংশ বালির নিচে তলিয়ে যায়। ১৮৪০ খ্রিস্টাব্দে লেখা কর্নেল ডেভিডসনের রচনায় এ বিষয়টির উল্লেখ রয়েছে। ১৮৪০ সালে ঢাকার তদানীন্তন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স ব্রিটিশ প্রকৌশলীদের সহায়তায় সোয়ারীঘাট থেকে উত্তোলন করে চকবাজারে স্থাপন করেন।
বিবি মরিয়ম কামান ১৯১৭ (অনেকের মতে ১৯২৫) খ্রিস্টাব্দে ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে এটিকে সদরঘাটে স্থাপন করা হয়। পরে ১৯৫৭ খ্রিস্টাব্দে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (ডিআইটি) সভাপতি জিএ মাদানী পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশলীদের মাধ্যমে এটিকে ডিআইটি অ্যাভিনিউ ও জিন্নাহ অ্যাভিনিউয়ের (বর্তমানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সংযোগস্থলে গুলিস্তানে স্থানান্তর করেন। ১৯৮৩ সালে এটিকে ওসমানী উদ্যানে স্থানান্তরিত করা হয়।