লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৬ পিএম
ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে সাদা বক যেন চিরন্তন বাংলার রূপ। বক খুব বেশি দেখা যায় চরাঞ্চলে। তবে এই সময়টাতে খাবারের সন্ধানে বিভিন্ন ফসলের মাঠ, নদী ও জলাশয়ের ধারে ভিড় করে দেশি সাদা বকের দল। ১৫-২০ বছর আগেও মফস্বল শহরের আশপাশ এলাকাতে বকের বিচরণ ছিল।
কিন্তু দালানকোঠার ভিড়ে শহর ও মফস্বল শহরে এখন আর আগের মতো বকের দেখা মেলে না। বক দেখতে হলে চরাঞ্চলে যেতে হয়। এ ছাড়া চাষ করার সময় শত শত বক উড়ে এসে লাঙলের ফলার চারপাশে ঘিরে থাকে। জমি চাষের সময় মাটির নিচ থেকে উঠে আসা পোকা খাওয়ার জন্য ভিড় জমায় তারা।
এছাড়া চাষ করার সময় শত শত বক উড়ে এসে লাঙলের ফলার চারপাশে ঘিরে থাকে। জমি চাষের সময় মাটির নিচ থেকে উঠে আসা পোকা খাওয়ার জন্য ভিড় জমায় তারা।
শুক্রবার (১৭ ফেবুয়ারি) এমনই চিত্র দেখা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের পূর্ব চররমনী মোহন গ্রামের সদ্য চাষকৃত জমিতে। দেখে মনে হয় ঠিক যেন সাদা বক পাখির মেলা।
কৃষক নুর মোহাম্মদ বলেন, ধান চাষের জন্য জমি চাষ হয়েছে। এখন পানি আছে জমিতে। এজন্য চাষের সময় মাটির নিচ থেকে উঠে আসা পোকা খাওয়ার জন্য বকেরা ভিড় জমিয়েছে।
তিনি বলেন, তবে মানুষজন দেখলে দ্রুত স্থান ত্যাগ করে বক। সাদা বকগুলো একত্রে অনেক সুন্দর দেখা যায়। কিছু বক পোকা খাচ্ছে, কেউ উড়ে বেড়াচ্ছে, আবার কেউ খাবার খুঁজতে একদৃষ্টিতে তাকিয়ে থাকে।
চাষের জমিতে খাবারের সন্ধানে এসেছে ঝাঁকে ঝাঁকে বক। প্রবা ফটো