সালমা সুলতানা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০২ পিএম
বক Ardeidae গোত্রের অন্তর্গত লম্বা পা বিশিষ্ট মিঠা পানির জলাশয় ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী একটি জলচর পাখি। পৃথিবীতে ৬৫ প্রজাতির বক রয়েছে। এদের মধ্যে বাংলাদেশে ১৮ প্রজাতির বক পাওয়া যায়।

যার মধ্যে ৫টি বগা (ছোট বগা, মাঝলা বগা, প্রশান্ত শৈল বগা, বড় বগা ও গো বগা), ৯টি বক (ধুপনি বক, দৈত্য বক, ধলপেট বক, লালচে বক, চীনাকানি বক, দেশি কানি বক, কালোমাথা নিশি বক, মালয়ি নিশি বক, ক্ষুদে নিশি বক) এবং ৪টি বগলা (খয়রা বগলা, হলদে বগলা, কালা বগলা, বাঘা বগলা)।
সারা পৃথিবীতে এদের বিচরণ থাকলেও নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে এদের বেশি পাওয়া যায়। বক সাধারণত মাছ, ঝিনুক, কাঁকড়া, জলজ পোকা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। খাল, বিল, পুকুর, হ্রদ, ঝিল, হাওড়- বাওড়, নদী, সমুদ্র উপকূল ইত্যাদি অঞ্চলেই এদের বসবাস। এ ছাড়া বাঁশঝাড়, বাগানেও এদের দলবদ্ধভাবে বাস করতে দেখা যায়। বর্ষার শুরুতে এরা একবারই প্রজনন করে। এরা একসঙ্গে দুই থেকে পাঁচটি ডিম দেয়।

অবশ্য বগলা ডিমের সংখ্যা আরও বেশি। ডিম দেওয়ার সপ্তাহের ভেতর ডিম ফুটে বাচ্চা বের হয়। এক সপ্তাহের ভেতর এরা উড়তে শেখে। কিন্তু বর্তমানে আমাদের অতিপরিচিত নান্দনিক এই বক বিপন্নের পথে।

মানুষ মাছখেকো পাখি বেশি খায় বলে দিন দিন বকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। ফাঁদ পেতে অবৈধভাবে বক শিকার, জমিতে কীটনাশক প্রয়োগ, নদী-নালা, খাল-বিল ভরাট করে শহরায়ন, বৃক্ষ নিধন প্রভৃতি কারণে বাংলাদেশে বকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

রাজধানীর দিয়াবাড়ি লেক এলাকায় তোলা ছবি।
একঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে আকাশে।