আরিফুল আমিন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৬:৫০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৭:১৬ পিএম
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ও ওই এলাকার আশপাশে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। মূল সড়ক থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত সড়ক এখন ফাঁকা। নেই জনমানব। পুরো এলাকা রয়েছে কাঁটাতারে ঘেরা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি আগে থেকে ঘোষণা করা হলেও এদিন সকাল থেকে আওয়ামী লীগের কোনো নেতাকে এখানে দেখা যায়নি। আওয়ামী লীগের কয়েকজন কর্মী ফুল দিতে এলেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘিরে রেখেছে ছাত্র-জনতা। শিক্ষার্থীরা বলছেন, আমরা সকাল থেকে এখানে আছি। কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেব।