প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৪ ২৩:৪৬ পিএম
রাজধানীতে পোশাক ও ট্যানারি শ্রমিকদের সাংস্কৃতিক উৎসব 'গার্মেন্ট শ্রমিক তারকামেলা' অনুষ্ঠিত হয়েছে
রাজধানীতে পোশাক ও ট্যানারি শ্রমিকদের সাংস্কৃতিক উৎসব 'গার্মেন্ট শ্রমিক তারকামেলা' অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন জিআইজেড'র সহযোগিতায় ‘কর্মজীবী নারী (কেএন)’ এবং ‘সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস)’ এ তারকামেলার আয়োজন করে।
জিআইজেডের সাস্টেইনেবলিটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর ইন বাংলাদেশ (এসটিআইএলই) প্রকল্পের আওতায় গত ১৭ মে শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন করা হয়।
এই আয়োজনে 'সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ- উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে ৫০০ নারী ও পুরুষ গার্মেন্ট ও ট্যানারি শিল্পের শ্রমিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শ্রমিক ও শ্রমিকদের সন্তানেরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, বাউল গান পরিবশেন করেন। অনুষ্ঠানে স্বাধীন শাহ্-এর রচনা ও নির্দেশনায় থিয়েটার আর্টের পরিবেশনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম বিষয়ে সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়।
এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর চত্ত্বরে উইমেন ক্যাফে কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে স্টল স্থাপন এবং উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, শ্রম অধিদপ্তর-এর মহাপরিচালক মো তরিকুল আলম , কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া, শ্রম অধিদপ্তর এর উপপরিচালক রোখসানা চৌধুরী, সাবেক এমপি আফরোজা হক রীনা, বিলস্ এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দীন আহমেদ, জিআইজেড এর এ্যাডভাইজার স্যাম হুসেইন, একশন এইড-এর প্রতিনিধি মরিয়মনেসা, নাগরিক উদ্যোগ এর নির্বাহী পরিচালক জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং গবেষক মোস্তাফিজুর রহমান, তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক সাহেব আলী, জাতীয় শ্রামক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, স্কপ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মজীবী নারী'র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, সেইফটি এন্ড রাইটস-এর নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা ও জিআই জেড এর এ্যাডভাইজার স্যাম হুসেইন-এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কর্মজীবী নারী’র প্রকল্প সমন্বয়ক রাজিব আহমেদ এবং সেফটি এন্ড রাইটস সোসাইটি-এর প্রোগ্রাম সহকারী মোহাম্মদ মাজেদুর রহমান এর সঞ্চালনায় কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর সকল শ্রমিকদের শুভেচ্ছা জানান। তিনি প্রতি বছর এই তারকা মেলার আয়োজন করার জন্য সকল শ্রমিকের সাহায্য সহোযোগিতা কামনা করেন।
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা বলেন, উইমেন ক্যাফের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত ও সচেতন হওয়া সম্ভব। সংগঠিত শ্রমিকের জয় অনিবার্য।
গার্মেন্ট শ্রমিক বিলকিস আক্তার বলেন, ক্যাফে আমাদের জন্য অনেক আপন একটি জায়গা। কারণ শ্রমিকদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। কিন্তু উইমেন ক্যাফে আমাদের এই জায়গা তৈরি করে দিয়েছে। বিনোদন যে আমাদের অধিকার এ্টা কর্মজীবী নারী’র উইমেন ক্যাফেতে না আসলে আমরা বুঝতে পারতাম না।
শ্রমিক নেতা নাহিদুল ইসলাম নয়ন বলেন, উইমেন ক্যাফের বড় শক্তি হচ্ছে এটি একটি আনন্দের জায়গা। সেবা নেওয়ার জায়গা, বিপদে কাউকে পাশে পাওয়ার জায়গা, মানসিক প্রশান্তির জায়গা। সুস্থ থাকতে হলে উইমেন ক্যাফেতে আসতে হবে, সুন্দর কর্পরিবেশের জন্য লড়াই করতে হবে।