প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪ ১৯:২০ পিএম
আপডেট : ০২ মে ২০২৪ ১৯:৫০ পিএম
প্রতীকী ছবি।
সারা দেশে গত এক মাসে ১৯৩ নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার (২ মে) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
দেশের ১৬টি দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত ঘটনার সংরক্ষিত তথ্যের ভিত্তিতে নির্যাতনের এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, দেশের পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে মোট ১৯৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৬ জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১২ কন্যাসহ ১৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে এবং একজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া যৌন নিপীড়নের শিকার হয়েছে ৯ জন, উত্ত্যক্তকরণের শিকার হয়েছে দুজন, বিভিন্ন কারণে সাত কন্যাসহ ৩৩ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে তিনজন, এর মধ্যে একজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৬ জন, এর মধ্যে দুজন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে চারটি। তিনজন কন্যাসহ চারজন গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একজনকে হত্যার ঘটনা ঘটেছে। দুজন কন্যাসহ ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ছয়জন কন্যাসহ ১৫ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনজন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এ ছাড়াও একজন কন্যাকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। ফতোয়ার ঘটনার শিকার হয়েছে দুজন। তিনজন কন্যাসহ পাঁচজন সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ১২টি। এ ছাড়া দুজন কন্যাসহ ১৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।