সেকুলার সিটিজেন্স বাংলাদেশের চিঠি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২৩:০২ পিএম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বাংলাদেশে হস্তক্ষেপ ও সংঘাতে উসকানির অভিযোগ তুলেছে সেকুলার সিটিজেন্স বাংলাদেশ নামে একটি সংগঠন।
রবিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের আট কংগ্রেসম্যান এইলি ক্রেইন, করি মিলস, পল এ গসার, ডোগ লামাফা, রনি এল জ্যাকসন, র্যান্ডি ওয়েবার, ব্রেইন বেবিন ও গ্লেন গ্রোথম্যানকে পাঠানো এক চিঠিতে সংগঠনটি ওই অভিযোগ তোলে। এর আগে গত বৃহস্পতিবার ওই আটজনসহ মোট ১৪ জন কংগ্রেসম্যান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন ও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
আট কংগ্রেসম্যানকে চিঠিতে বলা হয়েছে, কংগ্রেসম্যানদের ওই চিঠির পর বাংলাদেশে পুলিশের ওপর বিএনপি হামলা চালিয়েছে। কংগ্রেসম্যানরা বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি আছে বলে দাবি করেছিলেন তাই প্রমাণ করতে চেয়েছে বিএনপি। সেকুলার সিটিজেন্স বাংলাদেশ বিনয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে নিরুৎসাহিত করেছে।
চিঠিতে সেকুলার সিটিজেন্স বাংলাদেশ কংগ্রেসম্যানদের উদ্দেশে বলেছে, আপনাদের চিঠিটি শুধু রাজপথে বাংলাদেশের সাধারণ মানুষের ওপর প্রভাব সৃষ্টি করে এমন সহিংসতাই ঘটাচ্ছে না, বরং আন্তর্জাতিকভাবে একটি শান্তিপূর্ণ, আইন মেনে চলা ও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আমাদের ভাবমূর্তিকেও প্রভাবিত করছে।
সেকুলার সিটিজেন্স বাংলাদেশ কংগ্রেসম্যানদের উদ্দেশে আরও বলেছে, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি আপনার সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করতে চাই। আর আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মেনে চলতে ও বাংলাদেশের শান্তিপূর্ণ জনগণের পাশে দাঁড়াতে বিনীতভাবে অনুরোধ করব।
চিঠির শুরুতে সেকুলার সিটিজেন্স বাংলাদেশের সদস্যরা কংগ্রেসম্যানদের গত বৃহস্পতিবারের চিঠির বক্তব্যের নিন্দা জানান। তারা লিখেছেন, আমরা বিশ্বাস করি, চিঠিটি কল্পকাহিনির ভিত্তিতে এবং মার্কিন কংগ্রেসম্যানদের সর্বোচ্চ মর্যাদার অযোগ্য বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে।