প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১১:৪১ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১১:৫৮ এএম
রাজধানীসহ সারা দেশে শীতবস্ত্র বিতরণ করছে পাথওয়ে। ছবি : প্রবা
প্রকৃতির নিয়মেই শীত আসে। প্রতিবছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড়কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পাথওয়ে।
পাথওয়ের স্বেচ্ছাসেবী কর্মীরা মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতভর রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছেন কম্বল। কম্বল বিতরণের পাথওয়ে এবার গ্রহণ করেছে ব্যতিক্রমী উদ্যোগ। রাজধানীসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে তৃতীয় লিঙ্গের মানুষ।
পাথওয়ের স্বেচ্ছাসেবক মানিক জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ-মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে পাথওয়ে। প্রতিবছরের ন্যায় এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে পাথওয়ে। এ বছর বিতরণ ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে যেখানে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে কম্বল।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় কম সামর্থ্যবানদের।
‘অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারা ভিন্ন অনুভূতি। আমরা এবার পরিকল্পনা করে রাজধানীসহ দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে জড়িয়ে দিচ্ছি কম্বল। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে সবার মুখে।’
করোনাকালীন সময়ে জনসচেতনা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। এ ছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তিকে নিজ খরচে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া, বিনামূল্যে মৃত ব্যক্তিদের গোসল ও দাফনের মতো মানবিক কাজও করে পাথওয়ে টিম।
এ ছাড়া করোনা আক্রান্ত সংবাদমাধ্যমকর্মী এবং তাদের পরিবারকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, পরিবহন শ্রমিক, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, পরিবার এবং করোনাকালীন সময়ে যারা চাকরি হারিয়েছেন সেসমস্ত পরিবারের পরিচয় গোপন রেখে খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দিয়েছে সংস্থাটি। উপকূলীয় জেলে পরিবার এবং নদী পাড়ের মানুষের পাশেও দাঁড়ায় সংগঠনটি।