প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ১৩:১৯ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৪:১৩ পিএম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মোহিনী সৃজনশীল পাঠাগারের উদ্যোগে বান্দরবানের রুমা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন পার্বত্য শিশু-কিশোর ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা। প্রধান আলোচক ছিলেন রুমা সাঙ্গু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রচিং।
রুমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুমা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম। আলোচনায় অংশ নেন রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মার্মা, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা এবং রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং মং মার্মা। স্বাগত বক্তব্য দেন মোহিনী সৃজনশীল পাঠাগারের প্রতিষ্ঠাতা কাজী মোহিনী ইসলাম।
‘এসো বিজয়ের উৎসবে মিলি’ শীর্ষক চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কংগোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা সরকারি উচ্চবিদ্যালয় ও রুমা সাঙ্গু সরকারি কলেজের শিক্ষার্থীরা। ১১ থেকে ১৪ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট পাঁচ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস’। চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বঙ্গবন্ধু’, ‘জাতীয় ফুল শাপলা’, ‘জাতীয় পাখি দোয়েল’, ‘জাতীয় স্মৃতিসৌধ’ ও ‘পার্বত্য প্রকৃতি’।
উল্লেখ্য, ‘বই খুলবে জ্ঞানের দ্বার, দূর করবে অন্ধকার’ এ স্লোগান সামনে রেখে সব বয়সি পাঠকের জন্য বান্দরবানের রুমা উপজেলায় গড়ে উঠেছে ‘মোহিনী সৃজনশীল পাঠাগার’। ইতোমধ্যে পাঠাগারটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক নিবন্ধন লাভ করেছে। তবে পাঠাগার গড়ে তোলার আগে বইপাঠের অভ্যাস গড়ে তোলা এবং পাঠক তৈরির জন্য দীর্ঘদিন ধরে দূরদূরান্তের বিভিন্ন পাড়ায় গিয়ে বিনামূল্যে সৃজনশীল বই বিতরণ করে আসছেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা, কবি ও শিশুসাহিত্যিক কাজী মোহিনী ইসলাম। এ পাঠাগারে রয়েছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা, দর্শন, রাজনীতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব ধরনের বই।