প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১২:৪৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১৪:০৬ পিএম
দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চক্ষু সেবা দিতে এক মাসব্যাপী মানবিক কার্যক্রম ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) কাতার চ্যারিটির উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের লায়ন্স ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাসব্যাপী এই উদ্যোগের মাধ্যমে কাতার চ্যারিটি দেশের রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে চক্ষু শিবির আয়োজন করবে। যেখানে প্রায় ২,০০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও অন্যান্য চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এই ধরনের কার্যক্রম দেশের টেকসই চক্ষু সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি কাতার চ্যারিটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সংস্থাটির চলমান কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আলি আল মোতাইর। তিনি উল্লেখ করেন, কাতার চ্যারিটি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে কাজ করে আসছে এবং স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, পানি ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সহায়তায় কাজ করছে। 'ভিশন ইনিশিয়েটিভ ২০২৫' এই ধারাবাহিকতারই অংশ, যা চক্ষুস্বাস্থ্য উন্নয়নে নিবেদিত একটি উদ্যোগ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইডের কান্ট্রি ডিরেক্টর মুসিন সিদ্দিকী, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে. এ. এম. মোরশেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম কিবরিয়া।