প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১৬ পিএম
প্রবা ফটো
গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের তৈরি ‘ফর্মুলা কার’ যাচ্ছে চীনের আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এজন্য শিক্ষার্থীদের গবেষক দলটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আগামীকাল রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সহায়তা দেবে সংগঠনটি।
শিক্ষার্থীদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তাদেরকে উৎসাহ দেবেন তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সংগঠনটির অন্যান্য উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব-সহ ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতাটি ৮ থেকে ১২ অক্টোবর ২০২৫ তারিখে চীনের হেনান প্রদেশের ঝেংঝো শহরে অনুষ্ঠিত হবে। ফর্মুলা স্টুডেন্ট চায়না (এফএস চায়না) নামের এই প্রতিযোগিতায় রাশিয়া, ইতালি, চীনসহ ১৪টি দেশের ৭০টি দল অংশগ্রহণ করবে।
বাংলাদেশের আইইউটির একদল শিক্ষার্থী তিন বছরের চেষ্টায় তৈরি করেছেন রেসিং কারটি। তাদের ৪০ সদস্যের একদল শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন ওই অনুষ্ঠানে। তাদের বানানো গাড়ি নিয়ে আশাবাদী ও আনন্দিত। বিশ্ব পরিমণ্ডলে নতুন কিছু শেখার পাশাপাশি দেশের মানচিত্র উজ্জ্বল করতে চান তারা।