আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২০ পিএম
প্রতি শুক্রবার পথশিশু ও বিভিন্ন সুবিধা বঞ্চিত শিশুদের একত্র করে ভ্রাম্যমাণ ক্লাসের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্লোবাল কিডস স্কুল’। প্রবা ফটো
রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মিলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, কেউ ভিক্ষা করে কিংবা ট্রাফিক সিগন্যালে হাত বাড়ায়। কিন্তু এর মাঝেই ভিন্ন এক দৃশ্য নজরে আসে। হাতের মলিনতা মুছে বই-খাতা হাতে বসেছে কিছু শিশু। মুখে অক্ষর চেনার আনন্দ, চোখে স্বপ্নের ঝিলিক।
এই পরিবর্তনের নাম ‘গ্লোবাল কিডস স্কুল’। স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি শুক্রবার পথশিশু ও বিভিন্ন সুবিধা বঞ্চিত শিশুদের একত্র করে নেয় ভ্রাম্যমাণ ক্লাস। কখনো খোলা মাঠে, কখনো দোকানের বারান্দায় অথবা ছাউনির নিচে। চেয়ার-টেবিল নেই, তবু মাটির ওপর বসে শিশুদের পড়াশোনা চলে প্রাণভরে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) টঙ্গী রেলস্টেশনের পাশে কেরানিরটেক নামক বস্তিতে এমনই এক দৃশ্য চোখে পড়ে। বস্তির হরিজন সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত কিছু শিশুদের নিয়ে চলছিলো জ্ঞানের আলো বিকাশের প্রয়াস।
গ্লোভাল কিডস স্কুলের শিক্ষার্থী শিবানী রানী (১০) জানায়, আমার এখানে ক্লাস করতে ভালো লাগে। আমার সাথে আমাদের এলাকার অনেকেই ক্লাস করে। আমরা অনেক নতুন নতুন বিষয়ে শিক্ষা নিচ্ছি। আমি পড়া লেখা করে অনেক বড় হতে চাই।
অন্যান্য শিক্ষার্থীরা জানান, আমাদের শিক্ষাগ্রহণ করা একটু কষ্টকর। প্রতি শুক্রবার এই গ্লোভাল স্কুলে ফ্রি পড়া-লেখার সুযোগ পাই। তাই এখানে শিখতে আসি।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, শিশুদের লেখাপড়া শেখানোর পাশাপাশি খেলাধুলা, গান আর গল্পের আসরও হয় এখানে। এতে পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বাড়ে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব জিলানী বলেন, টঙ্গীর বস্তিতে বসবাসকারী বেশিরভাগ শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। আমরা চাই বিভিন্ন সুবিধাবঞ্চিত শিশুদের অন্তত প্রাথমিক জ্ঞান দিতে যাতে করে তারা যেন সমাজের মূলধারায় ফিরতে পারে।