চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ০০:২৪ এএম
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির সভায় গাজীপুরে নারকীয় কায়দায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নেতারা।
রবিবার (১০ আগস্ট) নেতারা আরও বলেন, যে নির্মম কায়দায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়Ñ তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এই হত্যাকাণ্ডের পর সারা দেশের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও গভীরভাবে উদ্বিগ্ন।
সিইউজে নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধরনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সভায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা মোকাদ্দমা প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন ও গায়েবি মামলা দিয়ে এক শ্রেণির সুবিধাভোগী দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিতে চায়।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দ্রুত ও গ্রহণযোগ্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানানো হয়েছে।
সভায় বক্তব্য রাখেনÑ বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসীন কাজী প্রমুখ।