পর্যটন শিল্পে অসামান্য অবদান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ০০:০৯ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:০৬ এএম
পর্যটন শিল্পে অসামান্য অবদান রাখায় সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে সেগুনবাগিচায় কচিকাঁচার মিলনায়তনে আয়োজিত ‘সেরা উদ্যোক্তা পুরস্কার ২০২৪’ অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঢাকা, আশুলিয়া, সাভার, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করায় তাকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে পপসম্রাটের জনক জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় নজরুলগীতি গায়িকা ফেরদৌস আরা।
পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম ঢাকা রিজিয়নে ট্যুরিস্ট পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর। এ সময়ে তিনি ঢাকা রিজিয়নের বিভিন্ন হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুরিজম স্পটগুলোয় ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। বিশেষ করে প্রতিটি হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টে পর্যটকদের সুবিধার্থে ট্যুরিস্ট পুলিশের হটলাইন নম্বর স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। ফলে এসব স্পটে পর্যটকরা নির্ভয়ে এবং নিশ্চিন্তে আসতে পারছে এবং ট্যুরিস্ট পুলিশের তথ্য ও সেবা গ্রহণ করছে। পর্যটন শিল্পে অসামান্য অবদানের জন্য এর আগেও মো. নাইমুল হক পিপিএম দেশিবিদেশি বিভিন্ন সম্মাননা পেয়েছেন।