বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম
মুক্তিযুদ্ধের গৌরব ও অহংকারকে ধারণ করা গানের সুর ও নৃত্যের ঝংকার ছড়িয়ে বিজয়ের মাসের প্রথম প্রভাত উদযাপন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা সড়ক দ্বীপে জাতীয় সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পদক্ষেপ বাংলাদেশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন- জাতির শ্রেষ্ঠ সন্তান কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানের শুরুতে ঘোষণাপত্র পাঠ করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী।
ঘোষণাপত্রে তিনি বলেন, বিজয় মাসের সূচনালগ্নে আমরা নতুন করে উদ্দীপ্ত হতে চাই মাটি আর মানুষের কল্যাণ কামনায়। আমরা বিনাশ চাই সেই নরপশুদের যারা মাটির সাথে বিশ্বাসঘাতকতা করে ভিনদেশী হায়েনাদের সঙ্গী হয়েছিল মনুষত্বের বিনাশ সাধনে। সেই সাথে চাই আজকের এই দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’-এর সরকারি স্বীকৃতি। মাটি আর মানুষের জয় হোক, জয় হোক শুভ চিন্তা আর আদর্শের।
সাংস্কৃতিক পর্বে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র ও মুক্তিযুদ্ধের চেতনা জাগানিয়া গান ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সাংস্কৃতিক পর্বে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানের সঙ্গে নৃত্যাক্ষ ও ‘রাঙামাটির রঙে চোখ জুড়ালো’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা।
সম্মিলিত কণ্ঠে ‘মুক্তির মন্দির সোপান তলে’ পদক্ষেপ বাংলাদেশ, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ ও ‘আমার দেশের মতো এমন দেশ’ পরিবেশন করে সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র।
একক সঙ্গীত ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ মারুফ হোসেন, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ নূর মো. রাজু পরিবেশন করেন।
মুক্তিযুদ্ধের আবৃত্তি করেন- নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ ও ফরিদুজ্জামান। দলীয় আবৃত্তি করেন- কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কণ্ঠশীলনের শিল্পীরা।