প্রানের উদ্যোগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৭:০৯ পিএম
নোয়াখালী জেলা শহরে অনুষ্ঠিত হলো গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প প্রদর্শনী ও মেলা
নোয়াখালী জেলা শহরে আজ (৫ নভেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প প্রদর্শনী ও মেলা। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রানের আয়োজনে নোয়াখালী মহিলাবিষয়ক অধিদপ্তর, অ্যাকশনএইড বাংলাদেশ এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সার্বিক সহায়তায় এ প্রদর্শনী ও মেলায় ১৮ জন গ্রামীণ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জলবায়ুদুর্গত এবং জলবায়ু অভিবাসী নারীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে এ প্রদর্শনী আয়োজিত হয়। যার মধ্যে রয়েছে নকশিকাঁথা, ব্লকবাটিকের তৈরি পরিধেয় বিভিন্ন কাপড়, শাড়ি, চুড়ি, মাটির তৈজসপত্র, দোলনা, খাদ্যসামগ্রীসহ নানা রকমের পণ্য।
হাতিয়ার জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারীদের সার্বিক জীবনমান উন্নয়নে মনঃসামাজিক সেবা, যৌনপ্রজননসংক্রান্ত প্রাথমিক স্বাস্থ্যসেবা, সচেতনতা কার্যক্রমের পাশাপাশি দক্ষতা-উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মোন্নয়ন ও ক্ষমতায়নে ২০২৩ সাল থেকে কাজ করে যাচ্ছে প্রান। এ কাজের ধারাবাহিকতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্য বড় পরিসরে তুলে ধরতে নোয়াখালী জেলা প্রাণকেন্দ্র বিবি কনভেনশন হলে এ আয়োজন করা হয়। এ নারীদের পাশাপাশি প্রদর্শনীতে সংহতি জানাতে নোয়াখালীর নয়টি উপজেলা থেকে বিভিন্ন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার, এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল এবং প্রানের কোষাধ্যক্ষ ও বন্ধন উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন। আবদুল আউয়াল তার বক্তব্যে বলেন, গ্রামীণ নারীদের তৈরি এসব হস্তশিল্প বৃহত্তর পরিসরে তুলে ধরতে সরকারি-বেসরকারি উদ্যোগে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এর মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে এবং গ্রামীণ পণ্যের বাজার বিস্তৃত হবে; যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
উদ্বোধনী বক্তব্যে কামরুন নাহার বলেন, এ প্রদর্শনী কেবল প্রদর্শনী নয়, প্রতিটি পণ্যের পেছনে একেকটি নারীর স্বপ্ন এবং উদ্যোগের গল্প রয়েছে। আমরা সবাই একসঙ্গে এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের আরও এগিয়ে নিতে পারি।
উদ্বোধনী অনুষ্ঠানে চানন্দী নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচজন নারীকে সেলাই সরঞ্জাম, ব্লকবাটিক সরঞ্জামসহ স্টার্টআপ কিট বিতরণ করা হয়। মেলা শেষে সেরা তিনটি স্টলকে সম্মাননা প্রদান এবং দর্শনার্থীদের মধ্যে ১৩ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়।