প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ০১:০০ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১১:৩২ এএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ উপনেতা ও মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে মহিলা পরিষদ। বুধবার (১৬ অক্টোবর) মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে শোক জানান সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।
বিবৃতিতে বলা হয়, অগ্নিকন্যা হিসেবে পরিচিত ষাটের দশকের বিশিষ্ট ছাত্রনেতা, এ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।
বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতিয়া চৌধুরী। ৮৩ বছর বয়সি মতিয়া চৌধুরী বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছাত্র ইউনিয়নের রাজনীতি করে আসা মতিয়া চৌধুরী পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে খ্যাতি পান তিনি।