প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৯:৪৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৯:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় হওয়া বন্যায় বন্যার্তদের সহায়তা, বন্যা পরবর্তী পুনর্বাসন, গ্রাম দারিদ্র্যমুক্তকরণের মতো বিষয়গুলোতে উল্লেখযোগ্য অবদান রেখেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অবদানের বিষয়গুলো উল্লেখ করেছেন বিএনএফের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১১টি সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের বন্যা পরবর্তী পুনর্বাসন, গ্রাম দারিদ্র্যমুক্তকরণ এবং বিশেষ অনুদান হিসেবে ১ কোটি ৪৩ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। গত ৩০ জুলাই এক সভার মাধ্যমে এই অনুদান দেওয়া হয়।
এর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি বিতরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন এবং খামার, ঘরবাড়ি ও দোকান মেরামত ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৩০টি সহযোগী সংস্থার অনুকূলে ১ কোটি ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ ১১টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানানো হয়।
এছাড়া গ্রাম দারিদ্র্যমুক্তকরণ কর্মসূচির জন্য ১৫ লাখ ৫০ হাজার, বিশেষ অনুদান হিসেবে ৪ লক্ষ এবং নিয়মিত অনুদান হিসেবে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এসব অনুদানের মাধ্যমে ২ হাজার ২৫০ জন মহিলা এবং ১ হাজার ৭৫৯ জন পুরুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন বলে আশা করছে সংগঠনটি।
এদিকে ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ‘মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী একদিনের বেতন প্রদান করেছেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ৫টি সহযোগী সংস্থাকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় বন্যার্তদের সহায়তার জন্য সংস্থার চেয়ারম্যান ডিসক্রিশনারি ফান্ড থেকে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। এ অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
গত ২২ আগস্ট বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্দেশনা পেয়ে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনএফের ৮০টি সহযোগী সংস্থা ২৭ হাজার ৩৭০ জনকে শুকনা খাবার, রান্না করা খাবার, বিভিন্ন সহায়ক সামগ্রী, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অন্যান্য ঔষধ বিতরণ করেছে এবং ২৮ লাখ ৭ হাজার ৫৪০ টাকা বিভিন্ন মাধ্যমে (প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, ডিসি অফিস, বিভিন্ন এনজিও) প্রদান করেছে।
এছাড়া বিএনএফের ঠাকুরগাঁও জেলার সহযোগী সংস্থা ইএসডিও ৫০ লাখ টাকার বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছে।