× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্য অধিকার আইন ঢেলে সাজানোর পরামর্শ টিআইবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৫ পিএম

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ উপলক্ষে তথ্য কমিশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ উপলক্ষে তথ্য কমিশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে তথ্য অধিকার আইন ঢেলে সাজানো ও তথ্য কমিশনের সংস্কারের পরামর্শ দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) তথ্য কমিশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এই দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০০৯ সালে যখন তথ্য অধিকার আইন প্রণীত হয়, তখন সেটাকে একটা অর্জন হিসেবেই গণ্য করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই অর্জন কেবলই কাগজেকলমে, তার প্রাপ্তিটা সরাসরি পাওয়া যায়নি। বিশাল এক জনগোষ্ঠী এই আইনের ব্যবহার ও উপযোগিতা সম্পর্কে অবহিত ছিল না। নইলে কেন তথ্য চাইতে গেলে একজন মানুষকে মামলা-হামলার শিকার হতে হবে। কারণ হচ্ছে, এই আমলাতন্ত্রের মধ্যে এখনো ব্রিটিশ শাসনামলের মতো এক গোপনীয়তা কাজ করে। কর্মকর্তারা মনে করেন তথ্যের মালিক কেবল তিনিই, অথচ তথ্যের মালিক কিন্তু জনগণ। একে সংস্কার করতে সরকারপক্ষ এবং অংশীজনদের একত্রে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আরেকটি বিষয় হলো- তথ্য কমিশনের পরিচালনার ভার শুধু কমিশনারের ওপর থাকবে এমনটা না। সরাসরি নিয়োগপ্রাপ্ত জনবলকে নিয়েও ভাবতে হবে। তারা যদি আমলাতন্ত্রের মধ্যে আটকা থাকে, তাহলে সেটা নিয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার তথ্য কমিশনসহ অন্যান্য কমিশনকে দলীয় লোকদের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছিল। কমিশনারদের নিরপেক্ষ হতে হবে, কমিশনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে।’

টিআইবি প্রধান বলেন, ‘আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে এ ধরনের সংস্কৃতি আর থাকবে না। তথ্য গোপন করার চর্চা বন্ধ করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা যাতে জনগণ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।’ 

এ সময় তিনি তথ্য অধিকার আইনকে নাগরিকের ক্ষমতায়ন ও স্বচ্ছতা প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহারেরও আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেছেন, ‘তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়। তথ্য কমিশনের সংস্কার করে আইনটিকে জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন এবং সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন।’

তথ্য কমিশনের পরিচালক এস এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আ. হাকিম। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রধান ও প্রতিনিধি, একাডেমিসিয়ান এবং সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা