প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের বন্যাপরবর্তী পুনর্বাসনের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ১৭৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অর্থ দিয়ে ৩০টি সহযোগী সংস্থার (এনজিও) মাধ্যমে গরু, ছাগল, হাঁস, মুরগি বিতরণ; স্বাস্থ্যসম্মত স্যানিটেশন; নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন; খামার, ঘরবাড়ি, দোকানপাট মেরামত ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার মোট ১১টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ‘মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতন প্রদান করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ৫টি সহযোগী সংস্থাকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় চেয়ারম্যানের ডিসক্রিশনারি ফান্ড থেকে অনুদান প্রদান করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা থেকে ফাউন্ডেশনের ৮০টি সহযোগী সংস্থা (এনজিও) ২৭ হাজার ৩৭০ জনকে শুকনা খাবার, রান্না করা খাবার, বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অন্যান্য ওষুধ বিতরণ করেছে।
২৫ লাখ ২ হাজার ২৮৪ টাকা বিভিন্ন মাধ্যমে (প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, ডিসি অফিস, বিভিন্ন এনজিও) নগদ প্রদান করেছে। এ ছাড়া বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঠাকুরগাঁও জেলার ইএসডিও নামক সহযোগী সংস্থা ৫০ লাখ টাকার প্যাকেজ ঘোষণা করেছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরকারি অর্থে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগণের দারিদ্র্যবিমোচন ও জীবনমান উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের সহযোগী সংস্থার (এনজিও) মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।