প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৯:৪৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২০:১০ পিএম
শিক্ষক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্র ঐক্য পরিষদ। ছবি : সংগৃহীত
সংখ্যালঘু নির্যাতন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। এ সময় তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক সজীব সরকার, সমন্বয়ক দীপঙ্কর চন্দ্রশীল, অ্যাডভাইজর মিঠুন ভট্টাচার্য, চাঁদপুর ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ হরিপদ দাস, নরসিংদী সরকারি কলেজ শিক্ষার্থী লিংকন দত্ত, সংখ্যালঘু আন্দোলনের একজন সমর্থক ও শিক্ষার্থী জয়িতা বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা রাণী দেস প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকদের নির্যাতন করা ছাত্রদের কাম্য নয়। আমরা এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ এবং শিক্ষকদের লাঞ্ছনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রানা দাশগুপ্তকে আসামি করা হয়েছে। অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত একজন সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।