প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৭:১২ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১৮:০৮ পিএম
শ্যামলী ক্লাব মাঠের সামনে মানববন্ধন করে সংহতি জানিয়েছেন তরুণরা।
সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন করে সংহতি জানিয়েছেন তরুণরা।
শনিবার (২৯ জুন) বেলা ১১টায় ঢাকা রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে এ মানববন্ধন করেন আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সদস্যরা।
তরুণদের দাবি, বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙের জরিমানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি অনুপস্থিত। তাই একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে। যে আইনটি জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে প্রণীত হতে হবে।
পাশাপাশি গত ২৬ জুন মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ছিল। সেই দিবসকে লক্ষ্য করে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকসহ সবাইকে মাদক বা নেশাজাতীয় দ্রব্যসেবন থেকে বিরত থাকার আহ্বান জানান তরুণরা।
মানববন্ধনের আগে স্বাস্থ্য সেক্টরের প্রশিক্ষণ কক্ষে তরুণদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. কামরুজ্জামান, রোড সেফটি প্রকল্প সমন্বয়ক শারমিন রহমান এবং আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়ক মারজানা মুনতাহাসহ ফোরামের অন্য সদস্যরা।
এই আলোচনায় তরুণদের সঙ্গে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন রোড সেফটি প্রকল্প সমন্বয়ক শারমিন রহমান।