× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাপট

সহযোগিতামূলক শিক্ষা পদ্ধতি

মো. নাহিয়ান হোসেন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ০৯:৪৮ এএম

সহযোগিতামূলক শিক্ষা পদ্ধতি

সহযোগিতামূলক শিক্ষা একটি শিক্ষাগত পদ্ধতি যা শিক্ষার্থীদের সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করতে উৎসাহিত করে। এ পদ্ধতি শিক্ষার্থীকে দলীয়ভাবে কোনো নির্দিষ্ট বিষয় বুঝতে, সমস্যা সমাধান করতে, আলোচনা-সমালোচনামূলক চিন্তাভাবনা করতে, দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। কেননা শেখা শুধু একটি একক প্রচেষ্টা নয়। এটি একটি সামাজিক প্রক্রিয়া যা পারস্পরিক মিথস্ক্রিয়া, সহযোগিতা এবং ধারণা বিনিময়ের মাধ্যমে উন্নতি লাভ করে।

আমদের নতুন কারিকুলামে এ সহযোগিতামূলক শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। এটি যত বেশি অনুশীলন করা যাবে শিক্ষার্থীদের মাঝে তত বেশি সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে; যা তারা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে পারবে। আগে কী দেখা যেত, একজন শিক্ষার্থী কোনো বিষয়ে একটি সুন্দর নোট তৈরি করল অথবা সংগ্রহ করল, পরে ওই নোটটি তার অন্য কোনো সহপাঠীর সঙ্গে শেয়ার করতে চাইত না। এর কারণ কী ছিল? সে চাইত না তার সহপাঠী তার সমকক্ষ হোক। এরূপ শিক্ষার্থী পরে পেশাগত ক্ষেত্রও এ ধরনের মানসিকতা ধারণ ও প্রয়োগ ঘটাত। এই নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা কমিয়ে সহযোগিতার মাত্রা বৃদ্ধি করা হয়েছে; যার ইতিবাচক ফল আমরা খুব শিগগিরই সমাজে দেখতে পাব। ফলে সমাজজীবনে আমাদের মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে যা ভালো মনের মানুষ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে। এর নামই তো শিক্ষা, শিক্ষার ফল তো এমনই হওয়া উচিত। যেহেতু শিক্ষার অন্যতম লক্ষ্য নিজেকে পরিবর্তন করা।

এ সহযোগিতামূলক শিক্ষা আমাদের পরস্পরের মতামতকে শ্রদ্ধা করতেও শেখায়; যা বর্তমান সমাজে অনুপস্থিত। বিশেষ করে আমাদের বিভিন্ন জাতীয় ইস্যুতে যা দেশের জন্য কল্যাণকর সেসব বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। কেন পারি না? এখানেও একে অন্যকে মেনে না নেওয়ার বা অন্যের গঠনমূলক মত অগ্রাহ্য করার একটা মানসিকতা আমরা দেখতে পাই। এটিও আমাদের দীর্ঘদিনের চর্চার ফল। কিন্তু এখন সময় এসেছে নিজেকে বদলে ফেলার, সমাজ বদলে দেওয়ার। সহযোগিতামূলক শিক্ষা আমাদের শিক্ষার্থীদের অন্যের মতামত শ্রদ্ধা করার মতো উন্নত মানসিকতাসম্পন্ন নাগরিক হতে সাহায্য করবে।

সহযোগিতামূলক শিক্ষা আমাদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও উন্নত করতে সাহায্য করে। যখন কোনো একটি সমস্যা নিয়ে শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে আলোচনা করবে এবং সমস্যাটি সমাধানের লক্ষ্যে একত্রে কাজ করে যাবেÑ এসব প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের মধ্যে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। যেকোনো সমস্যা একে অন্যের সহায়তায় সমাধানের অভিজ্ঞতাও তারা অর্জন করবে। এগুলো কি ভালো চর্চা নয়? অবশ্যই ভালো। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের পূর্ববর্তী কারিকুলামে থাকলেও তা সঠিকভাবে অনুশীলন করা হতো না। ফলে আমাদের সমাজে এর প্রতিফলন দেখতে পেতাম না। পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করা এ কারিকুলামের অন্যতম একটি উদ্দেশ্য। এটিও আমরা সহযোগিতামূলক শিখন পদ্ধতির মাধ্যমে বৃদ্ধি করতে পারি। আমরা সমাজে এখন কী দেখতে পাচ্ছি? চারদিকে নানা রকম সামাজিক অবক্ষয়; যা গ্রাম থেকে শহরে কিংবা শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া মানুষ অল্পতেই মেজাজ হারাচ্ছে, মানুষে মানুষে হানাহানি বৃদ্ধি পেয়েছে এরূপ নানাবিধ সমস্যায় সমাজ আজ জর্জরিত। সহযোগিতামূলক শিক্ষার কৌশলগুলো শিক্ষার্থীদের অনুশীলনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা নতুন একটি কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করতে পারব বলে বিশ্বাস করি।

  • সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা