× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাপট

প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ জরুরি

সুকান্ত দাস

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৭ এএম

প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ জরুরি

যেকোনো ক্ষেত্রেই প্রাথমিক কাজ বা করণীয় থাকে এবং প্রাথমিক কর্মসূচি সবসময় গুরুত্বপূর্ণ। যেকোনো শারীরিক দুর্ঘটনার ক্ষেত্রেও প্রাথমিক চিকিৎসার বিষয়টি অত্যন্ত জরুরি। অনেক সময় প্রাথমিক চিকিৎসা জীবন-মরণ সমস্যার দ্বার থেকে রোগীকে ফিরিয়ে আনতে সহায়তা করে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অনেকের ধারণাই নেই। কোনো দুর্ঘটনা কিংবা স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির পাশে থাকা অনেকেই অসহায় আত্মসমর্পণ ও উদ্বেগে ভোগেন। ফলে দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে প্রাথমিকভাবে আরাম দেওয়া বা যন্ত্রণা থেকে মুক্তির কাজটি করা হয় না। তাকে হাসপাতালেও নেওয়া হয় অনেক দেরিতে। এভাবে অনেক সময় অপচয় হয়। বিশেষত আমাদের দেশে বর্ষার সময় সাপের কামড় খাওয়ার পর অনেক মানুষ প্রাথমিক চিকিৎসার অভাবে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যান। অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি মারা যান। একই কথা বলা যায় পানিতে ডোবা, আগুনে পুড়ে যাওয়া, হাত-পা ভেঙে যাওয়া, শরীরের কোথাও আঘাত পাওয়াসহ আরও অনেক ক্ষেত্রেই। এসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা আক্রান্ত ব্যক্তি পান না।

স্বাস্থ্য খাতে প্রাথমিক চিকিৎসা জীবনরক্ষাকারী ব্যাপার। যেকোনো ধরনের শারীরিক সমস্যা কিংবা দুর্ঘটনাকবলিতদের ঘটনাস্থলে যে চিকিৎসা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য হলো তাৎক্ষণিক ব্যবস্থার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমিয়ে আনা। এ লক্ষ্য সামনে রেখে প্রতিবছর সেপ্টেম্বরের দ্বিতীয় শনিবার পালিত হয় বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস বা ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ২০০০ সাল থেকে এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালনের সূচনা করে।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিবছরই বিভিন্ন সময়ে দুর্যোগকবলিত হয় দেশের মানুষ। এ ছাড়া বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। এতে অনেক মানুষ প্রাণ হারায়। যদি সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তাহলে এর মধ্যে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে। প্রাথমিক চিকিৎসা যে কেউ দিতে পারেন। চিকিৎসকদেরও প্রাথমিক চিকিৎসা দিতে হয়, জরুরি বিভাগে যখন কোনো রোগী আসে, তখন চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ছাড়া মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, রেড ক্রিসেন্ট ও স্কাউটসহ বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এমনকি অ্যাম্বুলেন্সের চালক ও তার সহযোগীকে প্রাথমিক চিকিৎসার ট্রেনিং প্রদান করা হয়। সাধারণ মানুষও প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারেন। এ লক্ষ্যে সরকার এবং বিভিন্ন সংস্থা প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে।

দেশে চিকিৎসার বিষয়ে সাধারণের সচেতনতা না থাকায় অনেকেই ভুল প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। একটা সময় দেশের মানুষ প্রাথমিক চিকিৎসার বিষয়ে কোনো ধারণা ছিল না। সমাজে বিভিন্ন রোগের বিষয়ে নানা ধরনের কুসংস্কার ও কুপ্রথা প্রচলিত ছিল। একটা সময় মৃগী রোগীর খিঁচুনি বন্ধের জন্য জুতা শুঁকানোসহ নানা অদ্ভুত কর্মকাণ্ড করত তার স্বজনরা। এখন তা অনেক কমে গেছে, মানুষ জানে এই অবস্থায় একজন রোগীকে কী সেবা প্রদান করতে হবে। তবে ধ্যানধারণায় আরও পরিবর্তনের প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠপর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং সরকার সংবাদমাধ্যমের সহায়তায় সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে পারে। স্বাস্থ্য খাতের সংকটের এ সময়ে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব অনুধাবন করতে হবে।

  • শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা