২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে কপ-২১ সম্মেলনে একটি সেশনে বক্তব্য রাখছেন লেখক।
বিশ্ব জলবায়ু রাজনীতির ইতিহাসে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ একটি গভীর হতাশার নাম হয়ে থাকবে। দুই সপ্তাহের আলোচনা, তীব্র দর-কষাকষি এবং অতিরিক্ত দুই দিন সময় নিয়েও প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা শেষ পর্যন্ত সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারেননি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন, জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে দেশগুলোর পারস্পরিক মতপার্থক্য ঐকমত্যের পথ রুদ্ধ করে দিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের এই পরিণতিকে ‘গভীর হতাশাজনক’ বলে অভিহিত করেছেন। তার স্পষ্ট বক্তব্য—আলোচনায় ঐকমত্যের অভাব থাকলেও জলবায়ুবিজ্ঞানের সতর্কবার্তায় কোনো অস্পষ্টতা নেই।
তবে সম্মেলনের অর্জন যে একেবারেই শূন্য, তা নয়। ন্যায্য জ্বালানি রূপান্তর, অভিযোজন ও জলবায়ু অর্থায়নের কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ৯০টির বেশি দেশ বিদ্যুতায়ন ত্বরান্বিত করার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে। কিন্তু সম্মেলনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত ‘কভার ডিসিশন’ বা চূড়ান্ত রাজনৈতিক ঘোষণাপত্র গৃহীত না হওয়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত অঙ্গীকারের বিষয়টি অমীমাংসিতই থেকে গেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, নরওয়ে এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়ার বিরোধিতা করে। ফলে আনতালিয়ার সম্মেলন মূলত আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতার কাঠামোগত দুর্বলতাকেই আবার সামনে নিয়ে এসেছে।
এখন বড় প্রশ্ন হচ্ছে, এই ব্যর্থতার সবচেয়ে বড় মূল্য কে দেবে? যারা শত শত বছর ধরে অনিয়ন্ত্রিত শিল্পায়ন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, তেল-গ্যাসের নির্বিচার ব্যবহার এবং অতিরিক্ত ভোগের মাধ্যমে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস ছড়িয়েছে, দায় কি তাদের নয়? নাকি বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, মোজাম্বিক কিংবা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকেই নিজেদের সীমিত সম্পদ দিয়ে এই মানবসৃষ্ট বিপর্যয় সামাল দিতে হবে? বাস্তবতা হচ্ছে, জলবায়ু সংকটের ঐতিহাসিক দায় এবং ক্ষয়ক্ষতির বোঝা বহনের মধ্যে আজ এক চরম বৈষম্য তৈরি হয়েছে।
প্যারিস জলবায়ু চুক্তির মূল লক্ষ্য ছিল প্রাক্-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার সর্বোচ্চ প্রয়াস চালানো। কিন্তু জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ‘এমিশনস গ্যাপ রিপোর্ট ২০২৬’ বলছে, বিশ্ব এখন ১ দশমিক ৫ ডিগ্রির সীমা অতিক্রমের চরম ঝুঁকির মুখে রয়েছে। দেশগুলোর বর্তমান জাতীয় জলবায়ু অঙ্গীকারগুলো পুরোপুরি বাস্তবায়িত হলেও এই শতাব্দীতে তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি রয়েছে প্রায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, ১ দশমিক ৫ ডিগ্রির সীমা অতিক্রমের পর শতাব্দীর শেষে পুনরায় সেই সীমায় ফিরে আসার সম্ভাবনা ধরে রাখতে হলে ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক নিঃসরণ ১৮ শতাংশ, ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৬৯ শতাংশ কমাতে হবে। অথচ বর্তমান বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার এই বৈজ্ঞানিক প্রয়োজনের ধারেকাছেও নেই।
এখানে উদ্বেগের বিষয় কেবল তাপমাত্রা বৃদ্ধি নয়। প্রতি দশমিক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি, প্রলয়ংকরী বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের মারাত্মক অনিশ্চয়তা। অথচ বিশ্বনেতাদের রাজনৈতিক সিদ্ধান্ত এখনো সেই বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আনতালিয়ার ব্যর্থতা এই ব্যবধানকে আরও বিপজ্জনক করে তুলেছে।
এই সার্বিক পরিস্থিতি বাংলাদেশের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। কারণ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে আমাদের ভূমিকা নগণ্য হলেও ভৌগোলিক কারণে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ আঘাত আমাদের ওপরই সবচেয়ে বেশি পড়ছে। ঘন ঘন শক্তিশালী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র নদীভাঙন, জমিতে লবণাক্ততা বৃদ্ধি, বন্যা, খরা ও অস্বাভাবিক তাপপ্রবাহ দেশের অর্থনীতি এবং কোটি মানুষের জীবন-জীবিকাকে নিয়মিত বিপন্ন করছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের বাংলাদেশবিষয়ক মূল্যায়ন অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে প্রাকৃতিক দুর্যোগে দেশের প্রায় ১৩ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এর ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ বিলিয়ন (১ হাজার ৩৬০ কোটি) ডলার। আইএমএফের ওই মূল্যায়নে আরও সতর্ক করা হয়েছে যে দীর্ঘমেয়াদি জলবায়ু অভিঘাতের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক জিডিপির প্রায় ২ শতাংশ পর্যন্ত এবং ২১০০ সালের মধ্যে তা ৯ দশমিক ৪ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ক্ষতির প্রভাব শুধু প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ার কারণে বিপুল কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে, তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে হাজারো মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে শহরমুখী হচ্ছে, যার সরাসরি চাপ পড়ছে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোর আবাসন, স্বাস্থ্য, পয়োনিষ্কাশন ও কর্মসংস্থানের ওপর। অর্থাৎ জলবায়ুর অভিঘাত বাংলাদেশে খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, অভ্যন্তরীণ অভিবাসন ও জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা বা ‘এনডিসি ৩.০’–তে ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক প্রবৃদ্ধির (বিএইউ) তুলনায় ২০ দশমিক ৩১ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ২০২৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত মোট ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার প্রয়োজন। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ২৫ দশমিক ৯৫ বিলিয়ন ডলার জোগানের পরিকল্পনা করলেও সিংহভাগ—অর্থাৎ ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলারই আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।
অন্যদিকে অভিযোজনের প্রয়োজন আরও বিশাল। এনডিসি ৩.০ অনুযায়ী, দেশে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ বাস্তবে পাওয়া যাচ্ছে বছরে মাত্র প্রায় ৪ বিলিয়ন ডলার। এর মধ্যেও আন্তর্জাতিক উৎস থেকে মেলে মাত্র ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ডলারের মতো। অর্থাৎ অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশই জোগাতে হচ্ছে দেশের নিজস্ব উন্নয়ন বাজেট থেকে। জলবায়ু সংকটের জন্য কোনোভাবেই দায়ী না হয়েও একটি উন্নয়নশীল দেশকে নিজ জনগণের ট্যাক্সের টাকায় বৈশ্বিক ধ্বংসযজ্ঞ সামাল দিতে হচ্ছে, যা জলবায়ু ন্যায়বিচারের ধারণার পুরোপুরি পরিপন্থী।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই অর্থায়নের ঘাটতি মারাত্মক। ইউএনইপির ‘অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনের জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল বিশ্বের জন্য দেওয়া আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল মাত্র ২৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। শুধু ঘাটতিই নয়, এই তহবিলের চরিত্র নিয়েও গভীর সংকট রয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক এই অর্থের ৫৫ শতাংশই এসেছে ‘ঋণ’ হিসেবে, অনুদান ছিল মাত্র ৪৪ শতাংশ। ফলে জলবায়ু দুর্যোগের ক্ষতি মেরামত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর কাঁধে উল্টো ঋণের বোঝা চেপে বসছে।
কপ-২৯ সম্মেলনে উন্নত দেশগুলো ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করেছিল এবং সব উৎস মিলিয়ে তা বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আনতালিয়া সম্মেলনে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কাঠামো, অর্থের সুনির্দিষ্ট উৎস ও অনুদানভিত্তিক অর্থায়নের নিশ্চয়তা নিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে।
জলবায়ু অর্থায়ন কোনো ঋণ বা বাণিজ্যিক বিনিয়োগ হতে পারে না; এটি ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ। যে দেশকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় বেড়িবাঁধ নির্মাণ, কৃষির পুনর্বাসন কিংবা ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের জন্য বৈদেশিক ঋণ নিতে হয়, সেই দেশের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অবকাঠামো খাতের বাজেট স্বাভাবিকভাবেই কাটছাঁট করতে হয়। ফলে জলবায়ুর ক্ষতির সঙ্গে যুক্ত হয় নতুন অর্থনৈতিক সংকটের চক্র। তাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট হতে হবে—জলবায়ু অর্থায়নের প্রধান অংশ হতে হবে শর্তহীন অনুদান, নিশ্চিত করতে হবে সহজ শর্তের দীর্ঘমেয়াদি তহবিল এবং ক্ষয়ক্ষতির (লস অ্যান্ড ড্যামেজ) অর্থায়নকে সাধারণ বাণিজ্যিক ঋণ থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে।
কপ-৩১-এর সবচেয়ে বড় কাঠামোগত ব্যর্থতা হলো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট রূপরেখা চূড়ান্ত করতে না পারা। জলবায়ুবিজ্ঞান যেখানে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার দ্রুত কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের তাগিদ দিচ্ছে, সেখানে প্রভাবশালী দেশগুলোর বিরোধিতায় সম্মেলনের ঘোষণাপত্র আটকে যায়। এর ফলে কার্বন নিঃসরণ কমানোর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গীকার চরমভাবে দুর্বল হয়ে পড়ল। বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলোর জন্য এর অর্থ হলো—একদিকে জলবায়ু দুর্যোগের ঝুঁকি বাড়বে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির দামের অস্থিরতা ও উচ্চ আমদানি ব্যয়ের সংকট দীর্ঘায়িত হবে।
এমন বাস্তবতায় বাংলাদেশের সামনে এখন দ্বিমুখী দায়িত্ব; প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে ক্ষতিপূরণ ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবি আরও জোরালো ও ঐক্যবদ্ধভাবে তুলে ধরা।
দ্বিতীয়ত, দেশের ভেতরে জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন রূপরেখা কঠোরভাবে বাস্তবায়ন করা। এর জন্য দেশে জলবায়ু তহবিলের একটি স্বচ্ছ জাতীয় ডেটাবেজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রকল্পভিত্তিক ব্যয়, ঋণ ও অনুদানের পৃথক খতিয়ান এবং দুর্যোগে ক্ষয়ক্ষতির আন্তর্জাতিক মানসম্পন্ন নির্ভরযোগ্য পরিসংখ্যান থাকবে। একই সঙ্গে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), ডেল্টা প্ল্যান ২১০০ এবং এনডিসি ৩.০ বাস্তবায়নের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করতে হবে।
আনতালিয়ার সম্মেলন আমাদের একটি নির্মম সত্যের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য যাদের ঐতিহাসিক দায় সবচেয়ে বেশি এবং অর্থনৈতিক সক্ষমতাও সবচেয়ে বেশি, তারাই দায়িত্ব এড়াতে চাইছে। অথচ তার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোকে। জলবায়ু পরিবর্তন আজ আর পরিবেশের কোনো তাত্ত্বিক বিতর্ক নয়; এটি মানুষের অস্তিত্ব, অর্থনৈতিক টিকে থাকা এবং খাদ্যনিরাপত্তার লড়াই।
কপ-৩১ শেষ হলেও সংকট শেষ হয়নি। বিশ্বনেতারা যদি দায় স্বীকার করে কার্বন নিঃসরণ হ্রাস এবং ক্ষতিপূরণ প্রদানে এগিয়ে না আসেন, তবে জলবায়ু ন্যায়বিচার কেবল আন্তর্জাতিক সম্মেলনের নিস্ফল বক্তৃতায়ই আটকে থাকবে।
বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর কালক্ষেপণ করার সময় নেই। অস্তিত্ব রক্ষার তাগিদেই আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নিজেদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ও গবেষণাভিত্তিক অবস্থান নিতে হবে। কারণ জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা অনুদান নয়, এটি ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য ঐতিহাসিক অধিকার।
লেখক: বিশেষ প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্টস ফোরাম