স্মরণ
মাহমুদ হাসান
প্রকাশ : ৭ মিনিট আগে
প্রয়াত মীর শওকত আলী।
দিনটি ছিল ২০১০ সালের ২০ নভেম্বর, শনিবার। সন্ধ্যায় সবে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দিনের কর্মসূচি অনুযায়ী কাজ শুরু করেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এমন সময় এল মীর শওকতের মৃত্যুর খবর। বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে দলীয় সব কর্মসূচি স্থগিত করে উপস্থিত সবাইকে নিয়ে মীর শওকতের বাসায় ছুটে যান। গুলশানের বাসায় তার মরদেহের সামনে দাঁড়িয়েই বেগম খালেদা জিয়া তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা ও বিএনপি নেতা এম এ কাইয়ুমকে দলীয় সর্বোচ্চ মর্যাদায় জানাজা ও দাফনকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। ওই দিন সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিদেশে অবস্থানরত দলের তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত নানা আনুষ্ঠানিকতা বাতিল করে খালেদা জিয়া মীর শওকতের বাসায় উপস্থিত হয়েছিলেন। এই ঘটনা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া ও জিয়া পরিবারের সঙ্গে মীর শওকতের পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্কের গভীরতাই প্রমাণ করে।
বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ থাকেন, যাদের পরিচয় কেবল পদ-পদবি কিংবা রাজনৈতিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাদের জীবন, সাহস, দেশপ্রেম এবং আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকে। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম তেমনই এক ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মুখযুদ্ধের সেনানায়ক, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সংগঠক এবং জাতীয়তাবাদী রাজনীতির এক সাহসী নেতা। তিনি দুবার রাষ্ট্রপতি পদক ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত এক বিরল ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রতিষ্ঠাতা জিওসি ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৫ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে মীর শওকত আলী অসামান্য বীরত্বের পরিচয় দেন। সিলেট অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনায় তার নেতৃত্ব ছিল অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ। স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা এই মানুষটি পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্বাক্ষর রেখেছেন।
স্বাধীনতার পর সামরিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা নগরীর উন্নয়নেও তিনি ভূমিকা রাখেন। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়গুলোর একটি হলো স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন। স্বেচ্ছায় রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ঢাকায় নেমেই বিমানবন্দরে তিনি ঘোষণা দিয়েছিলেন, জেনারেল এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবেন। ঢাকা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব নিয়ে তিনি সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন এবং ঢাকা মহানগরকে বিএনপির দুর্গে পরিণত করেন। শেষ পর্যন্ত ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে এরশাদের পতন ঘটে। এটি ছিল তার রাজনৈতিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পরবর্তী সময়ে বিএনপি সরকারের মন্ত্রী এবং দলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তবে ক্ষমতা বা পদের চেয়েও তার কাছে বড় ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও দলের রাজনৈতিক আদর্শ।
এই আদর্শিক অবস্থানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ ঘটে তৎকালীন জামায়াতে ইসলামীর (বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী) সঙ্গে বিএনপির রাজনৈতিক জোট গঠনের প্রশ্নে। মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালনকারী এই দলের সঙ্গে বিএনপির রাজনৈতিক জোট মেনে নিতে পারেননি মীর শওকত আলী। এর প্রতিবাদ জানিয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচিত যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পদত্যাগপত্র গ্রহণ করেননি।
পদত্যাগপত্র হস্তান্তরের সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীর শওকতের পদত্যাগপত্রটি সেদিন বেগম খালেদা জিয়া তার ভ্যানিটি ব্যাগে রেখে দিয়েছিলেন, পরবর্তী সময়ে তা আর কার্যকর হয়নি। সে সময় মীর শওকত নেত্রীকে উদ্দেশ করে বলেছিলেন, ‘সব সময় জিয়া পরিবারের পাশে থাকব।’ কথা অনুযায়ী এক-এগারোর সরকারের সময় তিনি কেবল বিএনপি ও জিয়া পরিবারের পাশেই দাঁড়াননি; সংস্কারের নামে যারা দল ছেড়ে গিয়েছিলেন অথবা বহিষ্কৃত হয়েছিলেন, বিভিন্ন টক শো ও আলোচনাসভায় কড়া ভাষায় তাদের সমালোচনা করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। প্রথমে ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, এক-এগারো পরবর্তী সময়ে আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সংস্কারবাদী গ্রুপ এবং এর কিছুদিন পর অলি আহমদের এলডিপিতে গুরুত্বপূর্ণ পদের প্রলোভন দেওয়া হলেও তাতে পা দেননি তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর থেকেই জাসদ নেতা প্রয়াত মঈন উদ্দীন খান বাদল মীর শওকতের গুলশানের ‘মার্শাল হাউস’-এ ঘন ঘন যাতায়াত শুরু করেছিলেন তাকে নিয়ে পৃথক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির জন্য। তবে মীর শওকত যখন বুঝতে পারেন এই পরিকল্পনার পেছনে আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে, তখন তিনি সেখান থেকে সরে আসেন। একইভাবে ‘মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরাম’ গঠনের পেছনে আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী একটি দেশের নানা ইন্ধন ও পরামর্শ রয়েছে—এমন তথ্য জানার পর জীবনের শেষ দিন পর্যন্ত এই ফোরামে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বিএনপি জোটে জামায়াতের অন্তর্ভুক্তির নীরব প্রতিবাদ হিসেবে দলের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও মুক্তিযুদ্ধের ইতিহাস ও নিজের বিবেকের প্রতি আজীবন দায়বদ্ধ থাকতে চেয়েছিলেন বলে জীবদ্দশায় নানা আলোচনায় জানিয়েছিলেন মীর শওকত।
দেশের চলমান রাজনীতির দিকে তাকালে মীর শওকত আলীর সেদিনের ‘আপত্তি’র রাজনৈতিক তাৎপর্য নতুন করে আলোচনার দাবি রাখে। জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক দলটির নিজস্ব আদর্শিক অবস্থান, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, সেই প্রশ্ন এখন আরও প্রাসঙ্গিক। একসময় যে আশঙ্কার কথা মীর শওকত ব্যক্ত করেছিলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা নতুন করে পর্যালোচনার দাবি রাখে।
তার রাজনৈতিক অবস্থান থেকে বিএনপির জন্য একটি বড় বার্তা হলো—ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার কৌশল কখনোই আদর্শের বিকল্প হতে পারে না। মুক্তিযুদ্ধের ঘোষকের প্রতিষ্ঠিত ও হাজার হাজার মুক্তিযোদ্ধার দল বিএনপির জন্য স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে সম্পর্কের প্রশ্নটি নিছক নির্বাচনি সমীকরণ নয়; এটি ইতিহাস, আত্মপরিচয় ও নৈতিকতার প্রশ্ন।
মীর শওকত আলী আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তার জীবন মনে করিয়ে দেয়, প্রকৃত রাজনৈতিক নেতৃত্বের পরিচয় শুধু ক্ষমতা অর্জনে নয়; বরং প্রয়োজনে আদর্শের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহসিকতায়।
মীর শওকত আলী তাই শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন, তিনি রাজনৈতিক আদর্শ ও আত্মমর্যাদার প্রশ্নে আপসহীন থাকার এক অনন্য দৃষ্টান্ত। ইতিহাসের পাতায় তার এই অবস্থান চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০ নভেম্বর মীর শওকত আলী বীর উত্তমের মৃত্যুবার্ষিকী। বনানীর সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছেন বাংলার এই সূর্যসন্তান।
লেখক: বার্তা প্রধান, গ্রিন টিভি