× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়াউর রহমান: জনতার কাতারে এক বিপ্লবী আলোকবর্তিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম

ফারহান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ফারহান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

প্রত্যেক বিপ্লবী উত্তরকালে হয়ে উঠে সংশোধনবাদী নয়তো ক্ষমতালিপ্সু। যুগে যুগে এই কথার সত্যতা প্রমাণিত।

স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক চরিত্র বিচারেও এটা এক চরম সত্য।

'৭৫ এর ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী ও জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আবির্ভাব ঘটে জেনারেল জিয়াউর রহমানের। সিপাহী জনতার পূর্ণ সমর্থন জিয়ার সামনে মেলে দিয়েছিল অবারিত সুযোগের দুয়ার। কিন্তু জিয়া ক্ষমতার লালসায় দিশেহারা হননি। তিনি চেয়েছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 'বাংলাদেশ' নামক অধিকারটুকুকে ন্যায্য উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দিতে। স্বাধীনতার পর যেখানে মুজিব মুক্তির সবটুকু সুফল নিজের গৃহে নিয়ে যাওয়ার অগ্নিখেলায় নেমেছিলেন, সেখানে সময়ের দাবি অনুযায়ী মঞ্চে আবির্ভূত জিয়া সেই সুফলটুকুর সুষ্ঠু বণ্টনে মনযোগ দিয়েছিলেন।

যুগে যুগে বিপ্লবের মাধ্যমে জন্ম নেওয়া বেশিরভাগ নেতৃত্বই এই সাহসটুকু দেখাতে পারেননি। লেলিন, মাও কিংবা ফ্রেঞ্চ রেভ্যুলেশনের নেপোলিয়ন পর্যন্ত এই দুষ্টুচক্র এড়াতে পারেননি। এক ফিদেল কাস্ত্রোকে ইতিহাস এখনো ব্যতিক্রম মানে। চে কিংবা আরো কয়েকজন হয়তো এ তালিকায় থাকবেন। কিন্তু আধুনিক বিশ্বে এই তালিকা দীর্ঘ হয়নি। প্রায় বেশিরভাগই সংশোধনবাদকে দূরে ঠেলে দেন; হয়ে উঠেন ক্ষমতালিপ্সু। যদি মুক্তিযুদ্ধের মতো মহান বিপ্লবের মাধ্যমে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশকে দৃশ্যপটে রাখি, তাহলে দেখা যায় মুক্তিযুদ্ধ পূর্ববর্তী মুক্তিসংগ্রামের প্রধানতম মুখ শেখ মুজিবের মধ্যেও এর ব্যত্যয় ঘটেনি। অবশ্য স্বাধীন বাংলাদেশ তিনি চেয়েছিলেন কিনা সেটাই বড় প্রশ্ন। অন্তত স্বাধীনতা উত্তর তার ক্ষমতা লিপ্সা ও দম্ভ দেখে স্বাধীনতা পূর্বকালে তার স্বায়ত্তশাসন কামনার মধ্যে সন্দেহ জাগাটা অবিশ্বাস্য ঠেকে না। এ আলোচনা অবশ্য একেবারেই ভিন্ন।

তবে বাঙালি তাকে সম্মানটুকু দিয়েছিল। মহান মুক্তিযুদ্ধের সকল অর্জন তার কাছে সমর্পিত করেছিল। কিন্তু মুজিব কথা রাখেননি। ক্ষমতার লালচ তাকে অন্ধ, বুভুক্ষু করে তুলেছিল। এমনকি পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন প্রতিষ্ঠার লোকমুখে প্রচলিত আওয়াজের কাছাকাছি অবস্থান তার ক্ষমতাকে কুক্ষিগত করারই অপপ্রয়াস ছিল। কিন্তু মুজিব কোথাও বিশ্বাসযোগ্য হতে পারেননি। আর বাঙালির কাছে তো বিশ্বাস খুইয়েছেন আরো আগেই! তাই কিনা কথিত সমাজতন্ত্রের নামে বাকশাল কায়েম করে ক্ষমতাকে নিজের পকেটে ঢুকানোর অগ্নিখেলায় নেমেছিলেন মুজিব। আর তারই পরিণতি ১৫ই আগস্ট।

এমনই টালমাটাল পরিস্থিতিতে জিয়া আসেন দেবদূত হয়ে। ৭ নভেম্বর জিয়াকে জনতাই কাছে টেনে নিয়েছিলেন। কারণ জিয়া বহু আগেই প্রমাণ দিয়েছিলেন তার বিপ্লব কায়েমি স্বার্থের পৃষ্ঠপোষকতার জন্য নয়; নয় কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে। সেই ২৫ মার্চ কালো রাতে 'we revolt' বলে যে বিপ্লব জিয়া শুরু করেছিলেন, তার পেছনে কেবলই ছিল দেশপ্রেম। মহান স্বাধীনতার ঘোষণা জিয়ার সামনে নিয়ে এসেছিল এক নজিরবিহীন সুযোগ। কিন্তু জিয়া সেসবে দৃষ্টি সীমাবদ্ধ করেননি। তিনি রণাঙ্গনকে বেছে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এ দেশের নিপীড়িত জনতার কথা; তার কানে বেজেছিল মজলুমের আর্তনাদ। জিয়া দেশপ্রেমের ঈমানি পরীক্ষায় উতড়ে গিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে জিয়া যে সম্মান পেতে পারতেন সেটা তাকে দেয়া হয়নি; বরং বঞ্চিত করা হয়েছে। তিনি নীরবেই সয়ে গেছেন; কাজ করে গিয়েছেন দেশের তরে।

 কিন্তু জিয়া ছিলেন ভাগ্যবান; মানুষের অতি আপন একজন। তাইতো জিয়ার অপমান সৈনিকদের পীড়া দিয়েছিল। আর সময়ের সন্ধিক্ষণে তারাই জিয়াকে নিয়ে এসেছে নেতৃত্বের মঞ্চে। সিপাহী জনতার তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে জিয়া এলেন। কিন্তু তিনি বদলাননি। আর সকল বিপ্লবীদের মতো ক্ষমতার লিপ্সা তাকে প্রলুব্ধ করতে পারেনি। তিনি উত্তরকালে সংশোধনবাদকেই প্রাধান্য দিলেন। যে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছিল; জনতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, জিয়া সেই ক্ষমতাকেই প্রকৃত মালিকের কাছে সমর্পিত করলেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জিয়া মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করলেন। সামরিক উর্দি পরিহিত জিয়া জনতার কাতারে নেমে এলেন। হয়ে উঠলেন জনতার জিয়া; কৃষকের জিয়া; শ্রমিকের জিয়া।

একটি শ্রেণি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জিয়া প্রতিষ্ঠা করলেন সর্বজনীন জাতীয়তাবাদী চেতনা- বাংলাদেশি জাতীয়তাবাদ। যে চেতনা বাংলা ভূখণ্ডের প্রতিটি তৃণলতার কথা বলে; প্রতিটি ধুলিকণার কথা বলে; জলকণার কথা বলে; কথা বলে সমগ্র লাল-সবুজের। পাহাড় কিংবা সমতল; পাহাড়ি কিংবা বাঙালি; হিন্দু কিংবা মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টানÑ কোনো ভেদাভেদ নয়। একটাই পরিচয় হোক সবার বাংলাদেশি।

স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিয়া ঘুরে বেড়িয়েছেন শহর থেকে গ্রামে। প্রান্তিক মানুষের সুখ- দু:খ,আনন্দ-বেদনাকে তিনি দেখতে চেয়েছেন খুব কাছ থেকে। কীভাবে একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করা যায়Ñ সেই স্বপ্নই আমৃত্যু লালন করে গিয়েছেন তিনি। তর্জনী উঁচিয়ে কোনো বাগাড়ম্বর বক্তৃতার মাদকতা নয়; কেবল মানুষের হৃদস্পন্দন অনুধাবনেই যে একটি সদ্যোজাত রাষ্ট্রের ভবিষ্যৎ সেটা আর কেউ না বুঝলেও জিয়া ঠিকই বুঝেছিলেন। একটি পুষ্টিহীন শিশুরাষ্ট্রকে সুস্থ সবল করে তুলতে তাই জিয়া অনুসন্ধান করে বেড়িয়েছেন।

মাত্র চার বছরের শাসনামলে জিয়া যা করে গিয়েছেন সেটা তাই আজও এ দেশের মানুষের মনে জিয়াকে অমর করে রেখেছে। ন্যায়পরায়ণ, নীতিবান, বিপ্লবী রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বেঁচে আছেন তার কর্ম-বিপ্লবের মধ্য দিয়ে; কোনো শোর-শোরগোল বা উঁচু আওয়াজের বিপ্লবে নয়। জিয়াকে মানুষ মনে রাখবে তার দেশাত্মবোধ, কর্মস্পৃহা, ত্যাগ ও মাটির প্রতি গভীর মমতার কারণে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা