মো. মনিরুজ্জামান
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৭:১৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম
ইসলামের দুই পবিত্রতম নগরী মক্কা ও মদিনার দেশ সৌদি আরব। বিশ্বের মুসলমানদের কাছে দেশটির ধর্মীয় গুরুত্ব অপরিসীম। অথচ সেই সৌদি আরবের শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রন্থাগারে প্রভাবশালী ইসলামি চিন্তাবিদদের বই নিষিদ্ধ করার ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের নামে প্রচারিত প্রায় ১০০ জন নিষিদ্ধ লেখকের একটি তালিকায় ছয়জনের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। তাঁরা হলেন ভারতের আবুল হাসান আলী নদভী, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আ’লা মওদুদী, মিসরের সাইয়্যেদ কুতুব, আলজেরিয়ার মালেক বিন নবী, ইউসুফ আল-কারযাভি এবং মুহাম্মদ আল-গাজ্জালি। সৌদি গবেষক ও মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল-আওদাহও তালিকাটি প্রকাশ করেছেন।
তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, যাঁদের রচনা এখন সৌদি কর্তৃপক্ষের আপত্তির মুখে, তাঁদের অনেকের সঙ্গেই একসময় দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পঞ্চাশ ও ষাটের দশকে মিসরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের নেতৃত্বে আরব জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের উত্থান সৌদি রাজতন্ত্রের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর মোকাবিলায় সৌদি শাসকেরা প্যান-ইসলামিজম বা বিশ্ব মুসলিম ঐক্যের ধারণাকে গুরুত্ব দেন। মিসর, সিরিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন ইসলামি চিন্তাবিদকে সৌদি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত করা হয়। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় এবং পরের বছর গঠিত মুসলিম ওয়ার্ল্ড লিগ এই রাজনৈতিক ও ধর্মীয় কৌশলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে ওঠে।
মওদুদী ও নদভী মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৯ সালে মওদুদী এবং ১৯৮০ সালে নদভী কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। ১৯৮৯ সালে মুহাম্মদ আল-গাজ্জালি এবং ১৯৯৪ সালে ইউসুফ আল-কারযাভিও একই পুরস্কারে সম্মানিত হন। অর্থাৎ, সৌদি রাষ্ট্র একসময় যাঁদের স্বীকৃতি দিয়েছিল, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের রচনার ওপরই নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে।
এই পরিবর্তনের সূচনা মোহাম্মদ বিন সালমানের আমলে হয়নি। ২০০৮ সালেই সৌদি কর্তৃপক্ষ সাইয়্যেদ কুতুবের দুটি বই স্কুলের গ্রন্থাগার থেকে সরিয়ে নেয়। ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়। ২০১৫ সালের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় প্রায় ৮০টি বই স্কুল, গ্রন্থাগার ও শিক্ষা সম্পদকেন্দ্র থেকে অপসারণের নির্দেশ দেয়। সেই তালিকায় কুতুব, কারযাভি ও মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল-বান্নার রচনা ছিল। বিভিন্ন আরবি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মওদুদী ও মালেক বিন নবীর বইয়ের কথাও উল্লেখ করা হয়। ২০১৭ সালে কারযাভির রচনা বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের গ্রন্থাগার থেকে সরানোর নির্দেশ দেয় সৌদি শিক্ষা মন্ত্রণালয়। ২০২০ সালে দেশটির সিনিয়র স্কলারস কাউন্সিল মুসলিম ব্রাদারহুডকে আবারও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।
এই নিষেধাজ্ঞার অন্যতম রাজনৈতিক কারণ অনুসন্ধান করতে গেলে সামনে আসে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ধর্মীয় কর্তৃত্বের প্রশ্ন। আবুল আ’লা মওদুদী তাঁর রাজনৈতিক দর্শনে ‘হাকিমিয়্যাত’ বা আল্লাহর সার্বভৌমত্বের ধারণাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ‘তাফহীমুল কুরআন’ এবং ‘খেলাফত ও মুলুকিয়াত’-এর মতো গ্রন্থে তিনি ইসলামি রাষ্ট্র, শাসনব্যবস্থা এবং বংশানুক্রমিক রাজতন্ত্রের ঐতিহাসিক বৈধতা নিয়ে আলোচনা করেছেন। তাঁর রাজনৈতিক ব্যাখ্যায় রাষ্ট্রক্ষমতা ধর্মীয় আদর্শের অধীন।
সাইয়্যেদ কুতুবের রাজনৈতিক চিন্তায় এই সংঘাত আরও প্রকট। মওদুদীর কয়েকটি ধারণা দ্বারা প্রভাবিত কুতুব তাঁর ‘মাআলিম ফিত তারিক’ গ্রন্থে ‘জাহিলিয়াত’ ও ‘হাকিমিয়্যাত’-এর রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। আধুনিক মুসলিম সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে ধর্মীয় মানদণ্ডে বিচার করার তাঁর পদ্ধতি পরবর্তী সময়ে বিভিন্ন ইসলামপন্থী আন্দোলনের ওপর প্রভাব ফেলে। কুতুবের কিছু ধারণা উগ্রপন্থী সংগঠনগুলোর ব্যাখ্যাতেও ব্যবহৃত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ এই ধরনের সাহিত্যকে রাজনৈতিক উগ্রবাদ ও রাষ্ট্রবিরোধী চিন্তার সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করে।
অন্যদিকে সৌদি রাষ্ট্রীয় ধর্মতত্ত্বে ‘ওয়ালিউল আমর’ বা শাসকের প্রতি আনুগত্য গুরুত্বপূর্ণ। বিশেষত শাসকপন্থী সালাফি ধারায় রাজনৈতিক বিদ্রোহ এবং সংগঠিত বিরোধিতার ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে। মওদুদী ও কুতুবের রাজনৈতিক দর্শনের সঙ্গে এই অবস্থান সাংঘর্ষিক। তবে আবুল হাসান আলী নদভী, মালেক বিন নবী এবং মুহাম্মদ আল-গাজ্জালির নাম থাকার বিষয়টি আরও জটিল প্রশ্ন তৈরি করে। নদভী মওদুদী ও কুতুবের রাজনৈতিক ইসলাম ব্যাখ্যার সমালোচনা করেছিলেন। আলজেরীয় চিন্তাবিদ মালেক বিন নবী মুসলিম সভ্যতার সংকট, উপনিবেশবাদ এবং সমাজের পরিবর্তনশীলতার প্রশ্ন নিয়ে কাজ করেছেন। মিসরীয় আলেম মুহাম্মদ আল-গাজ্জালির ক্ষেত্রে রয়েছে ভিন্ন মাত্রা। ধর্মীয় ব্যাখ্যায় আক্ষরিকতাবাদ, হাদিসের প্রয়োগ এবং যুক্তিনির্ভর বিচার নিয়ে তাঁর অবস্থান সৌদি সালাফি ধর্মতত্ত্বের কয়েকটি প্রচলিত ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক ছিল।
ইউসুফ আল-কারযাভির বিরুদ্ধে সৌদি অবস্থানের পেছনে ধর্মীয় মতপার্থক্যের পাশাপাশি আঞ্চলিক রাজনীতির ভূমিকা সুস্পষ্ট। কাতারভিত্তিক এই আলেম মুসলিম ব্রাদারহুডের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০১১ সালের আরব বসন্তের সময় বিভিন্ন গণ-অভ্যুত্থানকে সমর্থন করেন। ২০১৭ সালে কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সংঘাত তীব্র হলে কারযাভির বিরুদ্ধে পদক্ষেপও কঠোর হয়।
সৌদি আরবের অভ্যন্তরীণ ‘সাহওয়া’ আন্দোলনের ইতিহাসও এখানে গুরুত্বপূর্ণ। ষাট ও সত্তরের দশকে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক চিন্তা এবং সৌদি সালাফি মতবাদের সংমিশ্রণে এই আন্দোলনের বিকাশ ঘটে। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় সৌদি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করে সাহওয়ার কয়েকজন নেতা রাজপরিবারের জবাবদিহি ও রাজনৈতিক সংস্কারের দাবি তোলেন। এরপর ধর্মীয় সংগঠনগুলোর স্বাধীন রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ সৌদি শাসকদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে ওঠে।
মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এই পরিবর্তনকে নতুন মাত্রা দিয়েছে। সৌদি আরবে সিনেমা, সংগীত, পর্যটন ও বিনোদনশিল্পের প্রসার ঘটছে। রাষ্ট্র এখন ধর্মীয় প্রতিষ্ঠান ও চিন্তাচর্চার গ্রহণযোগ্য সীমা নির্ধারণে আরও সক্রিয়। সৌদি জাতীয় পরিচয় ও অর্থনৈতিক আধুনিকায়নের সঙ্গে এই কর্তৃত্বের কেন্দ্রীকরণ যুক্ত হয়েছে।
সব মিলিয়ে ছয়জন চিন্তাবিদের রচনাকে ঘিরে নিষেধাজ্ঞার বিতর্ক সৌদি রাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক চরিত্রের ইঙ্গিত দেয়। এর মধ্যে রয়েছে রাজতন্ত্রের নিরাপত্তা, মুসলিম ব্রাদারহুড ও জামায়াতের রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ, ধর্মীয় ব্যাখ্যার ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং আঞ্চলিক কূটনৈতিক স্বার্থ।
সৌদি আরবের এই নীতি দেখাচ্ছে, ধর্মীয় ঐতিহ্য ও রাষ্ট্রীয় রাজনৈতিক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি হলে শাসকগোষ্ঠী কোনটিকে অগ্রাধিকার দেয়। মক্কা-মদিনার ধর্মীয় মর্যাদা অপরিবর্তিত থাকলেও সেখানে কোন চিন্তা প্রচারিত হবে, কোন বই পাঠযোগ্য থাকবে এবং কোন মতাদর্শ রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে, সেখানে যুগের সঙ্গে পরিবর্তিত চিন্তাচর্চার ওপর কোনো মতবাদ হুমকি হয়ে উঠছে কিনা–এসব ব্যাপারে সৌদি প্রশাসন কোনো আপস করছে না বলেই মনে হচ্ছে।
লেখক : সাংবাদিক