× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ফয়সাল আহমেদ রাফি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:১৮ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ১৯:২২ পিএম

ফয়সাল আহমেদ রাফি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফয়সাল আহমেদ রাফি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পেশাগত, অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে আমাদের মুখোমুখি হতে হচ্ছে এমন সব পরিস্থিতির, যা আমাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। ফলে, আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে উঠে, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, নিজের ওপর আত্মবিশ্বাস কমে আসে, সবমিলিয়ে আমরা তীব্র হতাশা ও একাকীত্ব অনুভব করি, যা এক পর্যায়ে দীর্ঘমেয়াদী মানসিক রোগে পরিণত হতে পারে।

আত্মহত্যাপ্রবণ ব্যক্তির সংখ্যাও সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। দেশে, প্রতি বছর প্রায় ১০-১২ হাজার আত্মহত্যার ঘটনা ঘটে, যার অন্যতম কারণ দীর্ঘদিন মানসিক অবসাদে থাকা এবং মানসিক সহায়তা না পাওয়া।

আমাদের দেশে প্রায় ১৬.৮ শতাংশ মানুষের কোন না কোন নির্ণয়যোগ্য মানসিক রোগের লক্ষণ রয়েছে। এদের মাঝে প্রায় ৯২ শতাংশ মানুষ কোন প্রকার মানসিক সহায়তা গ্রহণ করেন না। (২) ফলে, অনেকের মানসিক স্বাস্থ্য এমন একটি পর্যায়ে যেখানে দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়। অথচ একটু সচেতন হলে এড়িয়ে যাওয়া সম্ভব দীর্ঘমেয়াদী এই মানসিক স্বাস্থ্যঝুঁকি। কিন্তু তবুও কেন আমরা মানসিক সহায়তা নিচ্ছি না?

আমাদের নেতিবাচক বদ্ধমূল ধারণা, মানসিক সহায়তা গ্রহণ করাকে বাংলাদেশের প্রেক্ষাপটে নেতিবাচকভাবে দেখা হয়। কেউ যদি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সহায়তা নেয়, তবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়, কুৎসা রটানো হয়। অথচ মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা অন্যান্য আরও স্বাস্থ্য সেবার মতই স্বাভাবিক। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিশ্লেষণে উঠে এসেছে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত প্রায় অর্ধেক মানুষ প্রথমে কবিরাজ বা ধর্মীয় নিরাময়কারীর কাছে যান। (৩) অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে একজন ব্যক্তির স্বাস্থ্যসেবা গ্রহণের খরচের ৭৪ শতাংশ নিজের পকেট থেকে দিতে হয় (৪), এমনকি কোন বীমা মানসিক স্বাস্থ্য সেবা কভার করে না, এমনকি কোন সামাজিক সুরক্ষা নীতির মধ্যে মানসিক স্বাস্থ্য অন্তভুর্ক্ত নয় বিধায় মানুষের মানসিক স্বাস্থ্য সহায়তা পাওয়ার সুযোগ আরও সীমিত করে ফেলছে। প্রচলিত নেতিবাচক ধারণা, পর্যাপ্ত সঠিক তথ্যের অভাব এবং ব্যয়বহুল চিকিৎসা হয়ে দাঁড়িয়েছে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণের অন্যতম বাধা।

এছাড়াও, আমাদের পর্যাপ্ত সংখ্যক মানসিক স্বাস্থ্য পেশাজীবীর অভাব রয়েছে। বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র ১ দশমিক ১৭ জন মানসিক স্বাস্থকর্মী আছেন (৫), যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া্‌ও, মানসিক স্বাস্থ্য চিকিৎসায় নিয়োজিত অধিকাংশ পেশাজীবী ঢাকাকেন্দ্রিক হওয়ায় ঢাকার বাইরে অবস্থানরত জনগোষ্ঠী রয়ে যায় অবহেলিত। ব্যক্তিকেন্দ্রিক সচেতনতার বাইরেও, দেশে এখনও অধিকাংশ শিল্প ও সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের কর্মী ও সেবাগ্রহীতার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। বিশেষ করে, মানসিক চাপ ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি কিভাবে কর্মীদের প্রোডাক্টিভিটি ও কর্মঘন্টা নষ্ট করছে, এবং প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে অধিকাংশই অবগত নন।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক ও পারিবারিক সম্পর্কের অনিশ্চয়তা যখন বেড়ে যায় তখন একজন নাগরিকের মাঝে মানসিক চাপ ক্রমান্বয়ে বেড়ে যায় যা মানসিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তাই, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের মাঝে বার্ন আউট, প্যানিক অ্যাটাক, ডিপ্রেশন ইত্যাদি দেখতে পাই, যা কর্মঘণ্টা যেমন কমিয়ে দেয় পাশাপাশি প্রতিষ্ঠানে নানা রকম সংকট ও দুর্ঘটনা বাড়তে থাকে। মানসিক স্বাস্থ্য ঝুঁকির প্রভাব খুবই ধীর ও প্রথমদিকে দৃশ্যমান হয় না, তাই অনেকের কাছেই বিষয়গুলো অবহেলিত থাকে। প্রতিষ্ঠানগুলোর এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, নিজেদের কর্মী ও গ্রাহকদের মানসিক স্বাস্থ্যঝুকি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে মানসিক স্বাস্থ্য বিষয়ে এক টাকা বিনিয়োগ করলে তার চারগুণ ফেরত পাওয়া যায়, কখনো কখনো সেটা ৬ থেকে ৮ গুন হতে পারে। (৬) এমনকি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ আশীর্বাদ হয়ে আসবে।

মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি, মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীকেও মানসিক স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি যা বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনবে এবং প্রত্যকের যে স্তরের সহায়তা প্রয়োজন সেটা নিশ্চিত করতে পারি। মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণের পথ সহজ করার মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে উৎসাহিত করতে পারি। আমরা যদি প্রথম থেকেই নিজেদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং প্রাথমিক অবস্থায় সহায়তা গ্রহণ করি তবে বড় ধরনের মানসিক রোগ কিংবা স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে যেতে পারি।

এক্ষেত্রে, গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে হেল্পলাইন, অর্থাৎ যা সহজলভ্য ও গোপনীয়তা বজায় রেখে শুধু মাত্র কল করে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে পারে। আমরা হেল্পলাইনে মানুষকে সেবা দিতে গিয়ে খেয়াল করেছি আমাদের কাছে যারা সেবা গ্রহণ করেন তাদের ৬২ শতাংশ অন্য কোথাও নিজের অনুভূতির কথা বলতে পারেন না এবং মানসিক সহায়তা নিতে পারে না, ফলে তারা একাকীত্ববোধ করেন অনেক বেশি। এছাড়াও, প্যানিক বা ডিপ্রেশনের সময় তাদের কোথা শোনার বা পাশে থাকার মত কাউকে পান না, তাই তারা হেল্পলাইনে কল করছেন। যখন তাদের মানসিক অবস্থা এমন পর্যায়ে থাকে যেখানে উনারা বুঝতে পারেন না কোথায় যেতে হবে তখন হেল্পলাইনে থাকা একজন প্যারাকাউন্সিলর তাকে গাইড করতে পারেন কোথায় তিনি মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারেন এবং তার জন্য কি ধরনের সাপোর্ট দরকার হবে। এই ছোট্ট তথ্যটুকু একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। এছাড়াও, আত্মহত্যা প্রবণ ব্যক্তি যখন তার পাশে কাউকে পান, যিনি সহমর্মিতার সাথে তার কথা শুনছেন, কোন বিচার না করে তাকে সাহায্য করছেন তখন সেই ব্যক্তির মনঃকষ্ট কিছুটা লাঘব হয় এবং বেচে থাকার ও জীবনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস ফিরে পান।

একটি হেল্পলাইন শুধু কথা বলার জায়গা না, এইখানে সে পাচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য, যথাযথ রেফারেল, এবং নিজের দুঃসময়ে নিরাপদ একটি স্থান। আর এই বিষয়গুলো একজন মানুষকে সাহায্য করে তার কঠিনতম সময়গুলো কাটিয়ে উঠে নিয়মিত জীবনে ফিরে আসতে। তাই, ব্যক্তির মানসিক স্বাস্থ্য সেবার প্রথম ধাপে হেল্পলাইনে বিনিয়োগ করা হতে পারে সবচেয়ে কার্যকরী উদ্যোগ। আর এই উদ্যোগের সাথে যুক্ত হতে হবে কর্পোরেট ও শিল্প প্রতিষ্ঠানগুলো, তবেই একটি বড় জনগোষ্ঠীকে মানসিক স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এগিয়ে এসেছে তেমনি একটি উদ্যোগ নিয়ে যেখানে কল করে মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যাবে, আশা করি বাকিরাও ধীরে ধীরে যুক্ত হবে সকলের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা উন্মুক্ত করার এই যাত্রায়।

লেখক : ফাউন্ডার অ্যান্ড চিফ সাইকোলজিস্ট, মাইন্ডউইজ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা