মো. মনিরুজ্জামান
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৮:১৪ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৬:৫৪ পিএম
২০২৬ সালের আগস্টে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা দাঁড়ায় ১৮ হাজার ৯৭৫ মেগাওয়াটে। অথচ সরবরাহ করা গেছে ১৫ হাজার ৮৩৩ মেগাওয়াট। লোডশেডিং ছাড়িয়ে যায় ২০২৩ সালের রেকর্ডকেও। ঠিক সেই সময় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট আটকে ছিল দুটি নিরাপত্তা ভালভের ত্রুটিতে। যদিও প্রায় এক মাস আটকে থাকার পর ৩০ সেপ্টেম্বর ভালভের ত্রুটি সারিয়ে ইউনিটটি উচ্চচাপের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দুটি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন ওঠে, পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশের প্রয়োজন হলে কোন পথে এগোনো উচিত? বাংলাদেশের জন্য পারমাণবিক বিদ্যুৎ নিম্ন-কার্বন বেসলোড বিদ্যুতের একটি বাস্তব ভিত্তি হতে পারে। তবে এর দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থায়িত্ব নির্ভর করবে প্রযুক্তি, নিরাপত্তা তদারকি এবং জ্বালানি ব্যবস্থাপনার দায়িত্ব কীভাবে বণ্টিত হচ্ছে তার ওপর।
কাগজে-কলমে বাংলাদেশের স্থাপিত উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩২২ মেগাওয়াট। কিন্তু সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ১৭ হাজার ২০০ মেগাওয়াট, যা অর্জিত হয়েছে ২০ মে ২০২৬-এ। অর্থাৎ স্থাপিত সক্ষমতার একটি বড় অংশ প্রায়ই কাজে লাগানো যাচ্ছে না। এর প্রধান কারণ জ্বালানি সংকট।গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ নেমেছে প্রায় ২ হাজার ১০০ মিলিয়নে। আগস্টে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর প্রয়োজন ছিল দৈনিক ২ হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট, বিপরীতে তারা পেয়েছে মাত্র ৭৪৪ মিলিয়ন। মহেশখালীর এলএনজি টার্মিনালে বিঘ্নের কারণে ২১টি কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এখানেই বেসলোড বিদ্যুতের গুরুত্ব। সৌর ও বায়ুবিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সন্ধ্যার চাহিদার সময় বড় আকারের ব্যাটারি ছাড়া এগুলো স্থির সরবরাহ দিতে পারে না। একটি পারমাণবিক চুল্লিতে সাধারণত ১২ থেকে ১৮ মাস পরপর জ্বালানি বদলাতে হয়। ফলে প্রতিদিনের জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমে এবং পরিচালনাকালীন কার্বন নিঃসরণও প্রায় শূন্য।
তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রিডও দরকার। ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির যে স্থিতিশীলতা এ ধরনের কেন্দ্রের জন্য প্রয়োজন, বাংলাদেশের গ্রিড ঐতিহাসিকভাবে তা ধরে রাখতে সমস্যায় পড়েছে। ১ হাজার ২০০ মেগাওয়াটের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেলে সেই ঘাটতি সামাল দেওয়ার মতো স্পিনিং রিজার্ভ এখনও বড় চ্যালেঞ্জ।
রূপপুরে দুটি রুশ ভিভিইআর-১২০০ চুল্লি স্থাপন করা হচ্ছে। ২০১৫ সালে রোসাটমের সঙ্গে ১২.৬৫ বিলিয়ন ডলারের সাধারণ চুক্তি হয়। নির্মাণ শুরু হয় ২০১৭ ও ২০১৮ সালে। প্রথম ইউনিট চালুর কথা ছিল ২০২৩ সালে। সংশোধিত সূচিতে তা পিছিয়ে ডিসেম্বর ২০২৬ এবং দ্বিতীয় ইউনিটের সময়সূচি ডিসেম্বর ২০২৭ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকল্পটির অনুমোদিত ব্যয় বেড়ে প্রায় ১.৩৯ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে।
অর্জনও কম নয়। ২৮ এপ্রিল ২০২৬ জ্বালানি লোডিং শুরু হয়েছে। পূর্ণ সক্ষমতায় দুই ইউনিট দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১২ শতাংশ সরবরাহ করবে। আইএইএ রূপপুর প্রশিক্ষণকেন্দ্রের সিমুলেটরভিত্তিক প্রশিক্ষণকে বিশ্বে অনুসরণযোগ্য ভালো চর্চা হিসেবে চিহ্নিত করেছে।
কিন্তু সেপ্টেম্বরে সরকার স্বীকার করে, প্রেশারাইজারের দুটি পাইলট-চালিত রিলিফ ভালভ কাজ না করায় ইউনিট-১ ‘স্টেজ বি’ পেরিয়ে ‘স্টেজ সি’-তে যেতে সমস্যা হচ্ছিল। রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান জানিয়েছে, ভালভটি এই চুল্লির নকশা-নির্দিষ্ট এবং খোলা বাজারে কেনা যায় না। বিভিন্ন প্রামাণ্য তথ্য থেকে জানা যায়, রূপপুর চুক্তির আওতায় রাশিয়া জ্বালানি সরবরাহ, প্রকৌশলী প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণে প্রায় ৬০ বছরের জীবনকালজুড়ে যুক্ত থাকবে। বাংলাদেশের জন্য রাশিয়ার সঙ্গে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। রাশিয়া রূপপুর নির্মাণে অর্থায়ন ও প্রযুক্তি দিয়েছে এবং ব্যবহৃত জ্বালানি ফেরত নেওয়ার ব্যবস্থাতেও সম্মত হয়েছে। ফলে প্রকল্পের জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মস্কোর ভূমিকা দীর্ঘমেয়াদি। প্রকল্পের ৯০ শতাংশ, অর্থাৎ ১১.৩৮ বিলিয়ন ডলার, রুশ রাষ্ট্রমালিকানাধীন ঋণ। সুদের হার লাইবরের সঙ্গে ১.৭৫ শতাংশ। আসল পরিশোধ শুরু হওয়ার কথা মার্চ ২০২৭ থেকে, প্রথম কিস্তি প্রায় ৫৬৯ মিলিয়ন ডলার। রাশিয়া ঋণ রুবলে পরিশোধের নির্দেশনাও দিয়েছে। এতে নিষেধাজ্ঞা ও মুদ্রা-ঝুঁকি বাংলাদেশের ওপর এসে পড়ে।
জ্বালানি ব্যবস্থাপনাতেও রাশিয়ার ভূমিকা দীর্ঘমেয়াদি। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী রাশিয়া ব্যবহৃত জ্বালানি ফেরত নিয়ে পুনঃপ্রক্রিয়াজাত করবে। এটি বাংলাদেশের জন্য বড় স্বস্তির বিষয় হলেও বড় শক্তিগুলোর রাজনৈতিক টানাপোড়েন লজিস্টিকসেও প্রভাব ফেলতে পারে। ইউনিট-২-এর জ্বালানি চালান সেপ্টেম্বরে আকাশসীমাজনিত জটিলতায় পিছিয়েছে বলে খবর এসেছে।
এই বাস্তবতায় ভারতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। ভারতের কুদানকুলামে রুশ চুল্লি ব্যবহৃত হলেও রোসাটম মূলত প্রকৌশল ও সংগ্রহের দায়িত্বে ছিল। নির্মাণ ও কমিশনিংয়ে ভারতের নিজস্ব সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রূপপুরে এর বিপরীতে পুরো প্রকল্পই রোসাটমের টার্নকি দায়িত্বে।
ভারতের মডেলে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে: বিদেশি প্রযুক্তি গ্রহণ করেও স্থানীয় নির্মাণ, কমিশনিং, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা যতটা সম্ভব বাড়ানো যায়। বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির পরবর্তী ধাপে এই সক্ষমতা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাওয়া দরকার।
রূপপুরে বহুপাক্ষিকতার ভিত্তিও ইতিমধ্যে তৈরি হয়েছে। ২০২৫ সালের আগস্টে আইএইএ-র Pre-OSART দলে বুলগেরিয়া, চীন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ১৪ জন বিশেষজ্ঞ ছিলেন, সঙ্গে ছিলেন একজন রুশ পর্যবেক্ষক। জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের সঙ্গে রূপপুরকে যুক্ত করার চুক্তিও হয়েছে মার্কিন প্রতিষ্ঠান জিই ভার্নোভার সঙ্গে।
এরপর ২৫ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার সমঝোতা স্মারকে সই করেছে। একই বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ইন্দো-প্যাসিফিকে ক্ষুদ্র মডুলার চুল্লি ছড়িয়ে দিতে ত্রিপক্ষীয় সমঝোতাও করেছে।বাংলাদেশের জন্য তাই একটি বাস্তবসম্মত শ্রমবিভাজন তৈরি করা সম্ভব। রাশিয়া রূপপুরের নির্মাণ, জ্বালানি ও ব্যবহৃত জ্বালানি ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রধান অংশীদার থাকতে পারে। আইএইএ থাকতে পারে নিরপেক্ষ নিরাপত্তা পর্যালোচনা ও নিয়ন্ত্রক সক্ষমতা যাচাইয়ে। যুক্তরাষ্ট্র দিতে পারে নিয়ন্ত্রক প্রশিক্ষণ, গ্রিড প্রযুক্তি ও এসএমআর-সংক্রান্ত সহযোগিতা। জাপান ও দক্ষিণ কোরিয়া দ্বিতীয় কেন্দ্র, এসএমআর ও জনবল উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ফ্রান্স ও ইউরোপীয় দেশগুলো নিয়ন্ত্রণ-অভিজ্ঞতা, বিকল্প যন্ত্রাংশ ও বর্জ্য গবেষণায় সহযোগিতা করতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ। বাংলাদেশের পারমাণবিক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ২০২৬ সালের এপ্রিলে রূপপুরকে পরিচালনা লাইসেন্স দিয়েছে। কিন্তু বিশ্লেষকেরা নিয়ন্ত্রক, মালিক ও পরিচালকের প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই জায়গায় আইএইএ-র সমন্বিত নিয়ন্ত্রক পর্যালোচনা এবং অন্যান্য দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে প্রশিক্ষণ সহযোগিতা কাজে লাগানো প্রয়োজন।
স্বচ্ছতাও জরুরি। ২০২৫ সালের মার্চে আইএইএ-র একটি মিশন ১৭টি উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করেছিল। আগস্টের Pre-OSART অগ্নি-প্রতিরোধ, পরিচালন তদারকি ও যন্ত্রপাতি সংরক্ষণে উন্নতির সুপারিশ করেছে। রূপপুরের বিদ্যুতের দাম এখনও চূড়ান্ত হয়নি। কেন্দ্রের আশপাশের মানুষের জন্য পূর্ণাঙ্গ জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থাও প্রয়োজন।
বর্জ্য ব্যবস্থাপনাতেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। পরিকল্পনা অনুযায়ী ব্যবহৃত জ্বালানি প্রতি পাঁচ থেকে সাত বছর পরপর সমুদ্রপথে রাশিয়ায় পাঠানো হবে। কিন্তু পরিচালনাকালীন স্বল্প ও মধ্যম মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য বাংলাদেশকেই সামলাতে হবে। আন্তর্জাতিক সহযোগিতায় জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা নীতি এবং নিজস্ব গবেষণা সক্ষমতা গড়ে তোলা তাই জরুরি।
আগামী দিনের জন্য পাঁচটি বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে। গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের নকশা-তথ্য ও কিছু মজুত দেশে রাখা এবং লাইসেন্স অনুমতি দিলে বিকল্প সরবরাহকারী যাচাই করা। নিয়ন্ত্রকের স্বাধীনতা নিশ্চিত করা এবং আইএইএ-র IRRS ও OSART ফলো-আপ প্রতিবেদন প্রকাশ করা। দ্বিতীয় কেন্দ্রের ক্ষেত্রে প্রযুক্তি, অর্থায়ন ও জ্বালানির জন্য একাধিক দেশের প্রস্তাব বিবেচনা করা এবং ভারতের মতো দেশীয় নির্মাণ-অংশগ্রহণ বাড়ানো। রুশ প্রশিক্ষণের পাশাপাশি মার্কিন, জাপানি ও কোরীয় আঞ্চলিক প্রশিক্ষণ উদ্যোগে যুক্ত হওয়া। সর্বোপরি গ্রিড শক্তিশালী করা, কারণ গ্রিড দুর্বল থাকলে চুল্লি নিরাপদ হলেও বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য হবে না।
পরমাণু ভাঙার প্রযুক্তি একটি দেশের কাছ থেকে কেনা যায়, কিন্তু এর ঝুঁকি ও দায় ভাগ করে নিতে হয় অনেকের সঙ্গে। রূপপুরের ভালভ-সংকট সেই বাস্তবতাই সামনে এনেছে। রাশিয়া বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকবে। একই সঙ্গে ভারতের অভিজ্ঞতা, আইএইএর নিরাপত্তা কাঠামো এবং যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগও বাংলাদেশের সামনে রয়েছে।