ড. তৌহিদুল হক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৪৩ পিএম
ড. তৌহিদুল হক। ফাইল ছবি
শিক্ষাঙ্গন শুধু পাঠদানের জায়গা নয়; এটি একটি সমাজের বিবেক ও ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্র। সেখানে শিক্ষকতার বিষয়টি যখন দলীয় আনুগত্য, পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব দখল করে নেয়; তখন সংকটটি শুধু একজন শিক্ষক বা একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকে নাÑ তার প্রভাব পড়ে পুরো প্রজন্মের ওপর। শিক্ষার সঙ্গে রাজনীতিকরণ বন্ধ করে শিক্ষকতার মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীর আচরণগত দায়ের পাশাপাশি রাষ্ট্রের কাঠামোগত দায়িত্বও নিশ্চিত করতে হবে।
প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজের অধিকার ও মর্যাদা নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও রাজনৈতিক পটপরিবর্তনের সময় শিক্ষকদের আইনি ও কাঠামোগত সুরক্ষার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের হেনস্থা এবং আক্রমণের ঘটনা তারই প্রতিফলন। রাজনৈতিক স্বার্থে সরকার বা সরকারের কোনো অংশ শিক্ষকদের একাংশকে বিভিন্ন সময়েই স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ করে দেয়। যার ফলে পরবর্তী সময়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিও দায়ী। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা রাজনৈতিক স্বার্থে শিক্ষকদের একটি অংশকে ব্যবহার করেছে। ফলে শিক্ষকতার পেশাগত পরিচয়ের সঙ্গে দলীয় পরিচয় একাকার হয়ে গেছে। ক্ষমতার পালাবদলে তার প্রতিক্রিয়াও পড়ছে শিক্ষাঙ্গনে।
শিক্ষকদের পেশাগত দায়
কোনো শিক্ষক অন্যায় করলে তার বিরুদ্ধে অভিযোগ ও ব্যবস্থা নেওয়ার সুযোগ অবশ্যই থাকতে হবে। কিন্তু সেই প্রতিকার হতে হবে আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। তবে শিক্ষকদের নিজেদের পেশাগত দায় সম্পর্কেও সচেতন থাকতে হবে। যারা শিক্ষকতার আদর্শের চেয়ে দলীয় রাজনীতি, পদ-পদবি বা ব্যক্তিগত সুবিধাকে গুরুত্ব দেন, তারা পেশাটির মর্যাদা ক্ষুণ্ন করেন। শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহার করাও শিক্ষকতার নীতির পরিপন্থী।
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা চাই
শিক্ষাকে সব ধরনের রাজনীতি ও দলীয় অন্ধত্বের হাত থেকে মুক্ত করতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে রাজনৈতিক প্রভাব ও রাজনৈতিক স্বজনপ্রীতি সম্পূর্ণ বন্ধ হয়। শিক্ষকরা রাজনৈতিকভাবে সচেতন হতে পারেন এবং গঠনমূলক সমালোচনা করতে পারেন; কিন্তু কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য বা চাটুকারিতা প্রদর্শন করলে শিক্ষার আসল মঙ্গল সাধিত হয় না।
যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সততাই হতে হবে নিয়োগের প্রধান মানদণ্ড। শিক্ষক রাজনৈতিকভাবে সচেতন হতে পারেন, সরকারের সমালোচনাও করতে পারেন; কিন্তু অন্ধ দলীয় আনুগত্য ও চাটুকারিতা শিক্ষার পরিবেশকে ধ্বংস করে। এ দায় সরকার ও রাজনৈতিক দলগুলোরও। শিক্ষাঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহার না করে শিক্ষককে জ্ঞান ও বিবেকের প্রতিনিধি হিসেবে দেখার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
‘উত্তর-আধুনিক প্রজন্ম’ ও পরিবর্তিত সামাজিক প্রেক্ষাপট
কয়েক দশক আগে যারা শিক্ষকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা পেশার মৌলিক আদর্শ ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করতেন এবং রাজনীতির অন্যায় হস্তক্ষেপ দেখলে প্রতিবাদ করতেন বা সরে দাঁড়াতেন। অন্যদিকে বর্তমান তরুণ প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সরাসরি কথা বলে। এ প্রজন্ম ‘উত্তর-আধুনিকতার বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত।’ এই প্রজন্ম অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে পদবি, বয়স বা সম্পর্ক বিবেচনা না করে বা দূরত্ব না মেনে অন্যায় দেখলে প্রশ্ন তুলতে চায়।
এই পরিবর্তনকে শুধু শৃঙ্খলাহীনতা হিসেবে দেখলে বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হবে। শিক্ষকদেরও নতুন প্রজন্মের মানসিকতা বুঝে আরও পেশাদার ও সতর্ক হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, প্রতিবাদের অধিকার যেমন আছে; তেমনি অন্যের মর্যাদা রক্ষার দায়িত্বও রয়েছে।
বিশ্ব শিক্ষক দিবসের প্রত্যয়
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজের প্রতি এই আহ্বান জানাতে চাইÑ দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে শিক্ষকতার আদর্শ, নৈতিকতা ও দায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত পদ-পদবি কিংবা সুবিধার জন্য পেশার মর্যাদা বিসর্জন দেওয়া যাবে না। পেশাগত মর্যাদা বজায় রাখতে হবে, নিজেদের মধ্যে পেশাগত ঐক্য ধরে রাখতে হবে। কোনো দলের প্রতি অন্ধ অনুগত না হয়ে শিক্ষকের দায়িত্ব ও আদর্শিক ধারা বজায় রেখে কাজ করতে হবে। সরকারকে শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকরণ বন্ধের একটি বাস্তব ও দৃষ্টান্তমূলক উদ্যোগ নিতে হবে। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে শুধু ঘোষণা নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষার সঙ্গে রাজনীতিকরণ বন্ধ করে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে জ্ঞান, যুক্তি, ন্যায় ও মানবিকতার নিজস্ব আলো।