× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশফুল: নিছক সৌন্দর্য নয়, অর্থনীতির হাতছানি

মীর্জা মো. নাসির উদ্দিন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৯ পিএম

কাশফুল: নিছক সৌন্দর্য নয়, অর্থনীতির হাতছানি

কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী আর নদীর বুকে জেগে ওঠা ৪২০টিরও বেশি চর যেন একই সঙ্গে এক অভিশাপ ও আশীর্বাদের উপাখ্যান। প্রতিবছর বর্ষাকালে নদীভাঙন আর বন্যার কবলে পড়ে নিঃস্ব হয় নদীপাড় ও চরের খেটে খাওয়া মানুষ। একই বছরে একাধিকবার বসতভিটা পরিবর্তন, চোখের সামনে প্রিয়জনের কবর কিংবা ফসলি জমি বিলীন হয়ে যাওয়া এখানকার নিত্যদিনের চিত্র। তবে নদী কেবল দুঃখের কারণ নয়, আশারও উৎস। চরের পলিমাটিতে উৎপাদিত ফসল, তাজা মাছ আর খাঁটি দুধ যেমন জনপদের পুষ্টি জোগায়, তেমনি কোনো কৃষিজ উপকরণ ছাড়াই প্রাকৃতিকভাবে চরে বেড়ে ওঠা কাশফুল নদী অববাহিকার মানুষের জীবনে বাড়তি আয়ের অন্যতম প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।

কাশফুল মূলত পোয়েসি (Poaceae) গোত্রের বহুবর্ষজীবী একপ্রকার ঘাসজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ‘স্যাকারাম স্পনটেনিয়াম’ (Saccharum spontaneum) এবং ইংরেজি নাম ‘কাংশ গ্রাস’ (Kans grass)। ইউরোপের রোমানিয়ায় আদি নিবাস হলেও আমাদের প্রকৃতি ও গ্রামীণ জীবনের সঙ্গে এটি নিবিড়ভাবে মিশে গেছে। উচ্চতায় সাধারণত তিন মিটার পর্যন্ত বাড়লেও এটি বাঁশের মতো বৃহত্তম ঘাসের স্বীকৃতি পায়নি; তবে রূপ ও অর্থনৈতিক উপযোগিতায় কোনো অংশে কম নয়। বাংলা সাহিত্যেও কাশফুলের উপস্থিতি অনন্য। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান এবং নির্মলেন্দু গুণের কবিতায় কাশফুল শরৎকালীন রূপের প্রতীক হিসেবে চিত্রিত হয়েছে। রবীন্দ্রনাথের ‘শাপমোচন’ নৃত্যনাট্য কিংবা ১৯৫৪ সালে প্রকাশিত শামসুদ্দীন আবুল কালামের বিখ্যাত উপন্যাস ‘কাশবনের কন্যা’—সবখানেই প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের জীবন ও প্রকৃতির মেলবন্ধন।

সাহিত্যের বাইরে কাশফুলের অর্থনৈতিক পরিধি অত্যন্ত সুবিশাল। উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ব্রহ্মপুত্র ও ধরলা নদী অববাহিকায় প্রাকৃতিকভাবে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে কাশফুল উৎপাদিত হয়। দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, এই দুই জেলায় উৎপাদিত কাশফুলের সামগ্রিক বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। প্রতি বান্ডিল কাশফুলের ওজন দুই কেজি হলে এক হেক্টর পতিত জমিতে প্রায় চার হাজার কেজি কাশফুল উৎপাদন সম্ভব। প্রতি বান্ডিল ২০ টাকা হিসেবে এক হেক্টর জমি থেকেই কৃষকেরা আয় করতে পারেন প্রায় ৪০ হাজার টাকা। রাজশাহী, কুষ্টিয়া, বরগুনা, মেহেরপুর, খুলনা ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা কাশফুল কিনতে আসেন। এটি চরাঞ্চলের মানুষের জন্য ঘরের চালের ছাউনি, ফসলের বেড়া এবং পানের বরজের টেকসই উপকরণ। এ ছাড়া শুকনা কাশফুল দরিদ্র মানুষের রান্নার সস্তা জ্বালানি এবং শুষ্ক মৌসুমে সবুজ ঘাসের সংকটকালে গবাদিপশুর পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

অর্থনীতির পাশাপাশি কাগজ শিল্পেও রয়েছে কাশফুলের অপার সম্ভাবনা। কাশফুলের গড় আঁশের দৈর্ঘ্য ১.৪ মিলিমিটার ও প্রস্থ ১৫.৪ মাইক্রন। এতে রয়েছে ৬৯.২ শতাংশ হলোসেলুলোজ, ২২.৪ শতাংশ ক্লাসন লিগনিন, ৬.৭৬ শতাংশ ছাই ও ৩২.৩ শতাংশ ক্ষারীয় দ্রাব্যতা। আধুনিক ব্লিচিং প্রক্রিয়ায় এর পাল্প থেকে ৮৫ শতাংশের বেশি উজ্জ্বলতা অর্জন সম্ভব। কাগজ তৈরিতে ব্যবহৃত মূল্যবান বাঁশ ও সুন্দরবনের বৃক্ষের বিকল্প হিসেবে কুড়িগ্রাম ও লালমনিরহাটের কাশফুল ব্যবহার করে পাল্প উৎপাদন শিল্প গড়ে তোলা যেতে পারে। এর পাশাপাশি এর কাণ্ড দিয়ে তৈরি ঝাড়ু, দড়ি, টুপি, ব্যাগ ও মাদুরের মতো গ্রামীণ হস্তশিল্পের চাহিদা রয়েছে দেশে-বিদেশে।

প্রকৃতি রক্ষায় কাশফুলের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রেখে চরের ভাঙন কমায় এবং কৃষিজমি ও বসতভিটা সুরক্ষিত রাখে। এর ফুল মৌমাছি আকর্ষণ করায় মধু উৎপাদনেও সহায়ক। এ ছাড়া আয়ুর্বেদিক চিকিৎসায় কাশের মূল পিত্তথলির পাথর দূর করতে, শরীরের দুর্গন্ধ ও ফোড়ার চিকিৎসায় এবং জ্বর বা মূত্রজনিত সমস্যায় ভেষজ হিসেবে সমাদৃত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে কুড়িগ্রামের এই কাশবন ঘিরে পর্যটনের সম্ভাবনাময় দিগন্ত উন্মোচিত হয়েছে। শরতের শুভ্র প্রকৃতি দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকেরা ভিড় করছেন। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, খাবারের দোকান ও পরিবহনে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

প্রকৃতিপ্রদত্ত এই কাশফুল কুড়িগ্রামের স্বনির্ভরতার এক বিরাট হাতছানি। পিছিয়ে পড়া এই জনপদে সঠিক পরিকল্পনা, শিল্পায়ন ও বাজারজাতকরণের কার্যকর উদ্যোগ নেওয়া গেলে কাশফুল কেবল ঋতুভিত্তিক রূপ নয়, স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার টেকসই চালিকাশক্তি হয়ে উঠবে।

লেখক: অধ্যক্ষ (পিআরএল), কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা