মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া
ফসিহ উদ্দীন মাহতাব। ফাইল ছবি
একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া, লুটপাট ও দখলের অভিযোগের পর সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহারÑ ঘটনাটি শুধু আইনশৃঙ্খলার নয়, রাষ্ট্রের কর্তৃত্ব ও জবাবদিহিরও পরীক্ষা। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি যতটা একটি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনা, তার চেয়ে বেশি রাষ্ট্রের সামনে ছুড়ে দেওয়া একটি প্রশ্ন : আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন দুঃসাহস তৈরি হয় কীভাবে?
গত বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েকশ মানুষ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। নিরাপত্তাকর্মীদের জিম্মি করা, মালামাল লুট, ওষুধ ও টিকা নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত এক্সকাভেটর দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তারপর সেখানে একটি সমবায় সমিতির নামে সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়েছে। অভিযোগের কারণসহ ঘটনার পূর্ণ বিবরণ তদন্তে নিশ্চিত হতে হবে। কিন্তু ঘটনা যে গুরুতর, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।
আরও গুরুত্বপূর্ণ হলো, ঘটনাস্থলটি রাজধানীর শাহ আলী থানার খুব কাছাকাছি। পুলিশের কাছে খবরও দেওয়া হয়েছিল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলা ও স্থাপনা ধ্বংস ঠেকানো যায়নিÑ এমন অভিযোগও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ পৌঁছানোর পরও যদি কয়েক ঘণ্টা ধরে একটি প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়, তা হলে পুলিশের ভূমিকা কী ছিল? এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।
রাষ্ট্রের সামনে প্রথম প্রশ্ন: পুলিশ কোথায় ছিল?
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শনের পর বলেছেন, পুলিশ সময়মতো পৌঁছেছিল কি না এবং কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। এজন্য তিন সদস্যের তদন্ত কমিটিও করা হয়েছে। পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন। এই বক্তব্য গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে পুলিশ প্রশাসন নিজেই স্বীকার করেছে যে- ঘটনাটিতে পুলিশের ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এর পরদিন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপির আদেশে অবশ্য কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার কোনো উল্লেখ নেই। এখানেই স্বচ্ছতার প্রশ্নটি উঠে আসে।
কোনো কর্মকর্তাকে প্রশাসনিক কারণে বদলি বা প্রত্যাহার করা কর্তৃপক্ষের এখতিয়ার। কিন্তু এমন স্পর্শকাতর একটি ঘটনার পরপরই সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হলে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক- তার বিরুদ্ধে কি দায়িত্বে অবহেলার কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে? নাকি এটি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত? যদি তদন্তের সঙ্গে এর সম্পর্ক থাকে, সেটিও স্পষ্ট হওয়া দরকার। আর যদি সম্পর্ক না থাকে, সেটিও পরিষ্কার করা উচিত। কারণ, অস্পষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত অনেক সময় তদন্তের চেয়েও বেশি সন্দেহ তৈরি করে।
জমি দখলের অভিযোগ: গুরুত্বের সঙ্গে তদন্ত হোক
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কোনো সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। টিকাদান, শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনার মতো সেবাও দেওয়া হতো সেখানে। এমন একটি প্রতিষ্ঠান যদি জমি দখলের উদ্দেশ্যে গুঁড়িয়ে দেওয়া হয়ে থাকে, তবে সেটি কেবল একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে বিরোধ নয়। এটি আইন ও বিচারব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে আদালত আছে, ভূমি প্রশাসন আছে, আইনি প্রক্রিয়া আছে। কারও কাছে যদি বৈধ মালিকানার দাবি থাকে, তিনি সেই দাবি আইনগতভাবে প্রতিষ্ঠা করবেন। কিন্তু রাতের অন্ধকারে সংঘবদ্ধ লোকজন নিয়ে একটি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া কোনোভাবেই আইনি মালিকানা প্রতিষ্ঠার পদ্ধতি হতে পারে না। আর হামলার পর সেখানে নতুন সাইনবোর্ড টাঙানো হলে দখলের অভিযোগটি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
তদন্তের বিষয় হওয়া উচিতÑ কে হামলার পরিকল্পনা করেছিল, কারা লোক জড়ো করেছিল, কারা অর্থ বা যন্ত্রপাতির ব্যবস্থা করেছিল, এক্সকাভেটর কোথা থেকে এলো এবং হামলার পর সেখানে নতুন সাইনবোর্ড টাঙানোর সিদ্ধান্তই বা কে নিল। শুধু মাঠে থাকা কয়েকজনকে গ্রেপ্তার করলেই তদন্ত শেষ হতে পারে না। রাজনৈতিক পরিচয় যেন তদন্তের বিকল্প না হয়।
এই ঘটনায় দায়ের করা মামলায় রাজনৈতিক পরিচয়সম্পন্ন একজন ব্যক্তির নাম এসেছে। আবার বিভিন্ন পক্ষ থেকে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নানা অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত করা জরুরিÑ অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় যেন তদন্তের গতি বা পরিণতি নির্ধারণ না করে।
কেউ ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত হোক, বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হোক কিংবা কোনো রাজনৈতিক পরিচয়ই না থাকুকÑ আইনের চোখে অপরাধের বিচার একই হওয়া উচিত। একইভাবে, সরকারকে বিব্রত করা বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যে কেউ এই ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও তদন্তের বিষয় হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা সামনে রেখে প্রকৃত অপরাধীদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অপরাধের বিচার রাজনৈতিক ব্যাখ্যার ওপর নয়, প্রমাণের ওপর নির্ভর করাই রাষ্ট্রের জন্য নিরাপদ পথ।
ওসি প্রত্যাহার কি যথেষ্ট?
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এতে মূল প্রশ্নগুলোর উত্তর মিলছে না। পুলিশ কখন খবর পেয়েছিল? কতক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছেছিল? পুলিশ পৌঁছানোর পরও কেন হামলা থামানো যায়নি? ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য ছিল কি না? কেউ হামলাকারীদের সঙ্গে সমঝোতা বা নিষ্ক্রিয় থাকার চেষ্টা করেছিল কি না? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণÑ কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় কোথায় গিয়ে শেষ হবে? এসব প্রশ্নের উত্তর তদন্তে বেরিয়ে আসা দরকার।
শুধু একজন কর্মকর্তাকে প্রত্যাহার করে দিলে সাধারণ মানুষের কাছে এমন বার্তা যেতে পারে যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে; কিন্তু প্রকৃত দায় কোথায়, তা অজানাই রয়ে গেল। একটি স্বচ্ছ তদন্তের প্রয়োজন এখানেই।
রাষ্ট্রের জন্য ঘটনাটি বড় সতর্কবার্তা
মিরপুরের ঘটনাটি তাই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপর হামলার চেয়ে বড় কিছু। কারণ কোনো গোষ্ঠী যদি মনে করে রাতের আঁধারে কয়েকশ লোক জড়ো করে একটি প্রতিষ্ঠান দখল করা যায়, নিরাপত্তাকর্মীকে জিম্মি করা যায়, মালামাল লুট করা যায় এবং ভারী যন্ত্র দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া যায়- তা হলে সেটি শুধু একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার সংকট নয়Ñ এটি রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে।
আর রাজধানীর মতো জায়গায় এমন ঘটনা ঘটলে প্রশ্নটি আরও তীব্র হয়। রাষ্ট্রের শক্তি কেবল অস্ত্র, পুলিশ বা প্রশাসনিক আদেশে নয়; রাষ্ট্রের প্রকৃত শক্তি হলো মানুষকে এই বিশ্বাস দেওয়া যে, আইনের বাইরে গিয়ে কোনো শক্তি নিজের ইচ্ছা প্রতিষ্ঠা করতে পারবে না। এই বিশ্বাস একবার দুর্বল হয়ে গেলে তার ক্ষতি শুধু একটি ঘটনায় সীমাবদ্ধ থাকে না।
তাই এখন সবচেয়ে প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। কে হামলা করেছে, কে পরিকল্পনা করেছে, কারা লুটপাটে অংশ নিয়েছে, কারা দখলের চেষ্টা করেছে এবং পুলিশের কোথাও দায়িত্বে অবহেলা ছিল কি নাÑ সবকিছুই তদন্তের আওতায় আসতে হবে। একই সঙ্গে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের জমির মালিকানা ও দখল-সংক্রান্ত বিরোধ থাকলে তার আইনগত অবস্থাও পরিষ্কার করা দরকার। রাষ্ট্রের উচিত কাউকে বাঁচানো নয়, কাউকে ফাঁসানোও নয়; রাষ্ট্রের দায়িত্ব সত্য উদঘাটন করা।
মিরপুরের ধ্বংসস্তূপ থেকে এখন সেই সত্যই বের করে আনতে হবে। কারণ ভেঙে পড়া ভবন পুনর্নির্মাণ করা যায়। লুট হওয়া সম্পদও হয়তো উদ্ধার করা যায়। কিন্তু মানুষের মনে যদি এই ধারণা জন্ম নেয় যে সংঘবদ্ধ শক্তি আইনের চেয়ে বড়, তাহলে সেই ক্ষতি পূরণ করা অনেক কঠিন। এই ঘটনা তাই সরকারের জন্যও একটি পরীক্ষাÑ রাষ্ট্র কি শেষ পর্যন্ত দখলদার শক্তির পাশে দাঁড়াবে, নাকি আইনের পাশে? এই পরীক্ষার উত্তর কথায় নয়, তদন্তের ফল ও পরবর্তী ব্যবস্থাতেই দিতে হবে।
লেখক: বিশেষ প্রতিনিধি, প্রতিদিনের বাংলাদেশ